নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক নির্বাচনী ব্যালট বাক্স আটকানোর অভিযোগ

0


নান্যচর প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটির নান্যাচরে ভোট কেন্দ্রে সরঞ্জামাদি নেয়ার পথে নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট বাক্স আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) বেলা আড়াইটার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল (১২ ফেব্রুয়ারি ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ভোট গ্রহণের সরঞ্জামাদিসহ প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কাজে দায়িত্বরত কর্মকর্তারা ইঞ্জিনচালিতে ট্রলারযোগে নান্যাচর উপজেলা সদর হতে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। যাবার পথে উপজেলার পানির ঘাটে সেনাবাহিনীর সদস্যরা ট্রলার থেকে ব্যালট বাক্সগুলো নামিয়ে রাখেন। তবে এ সময় দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারগণ সেনাদের সাথে কোন বিতর্কে না গিয়ে নির্দিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে বিষয়টি অবগত করেন এবং এর আধা ঘন্টার পর সেনারা স্পীডবোট যোগে গিয়ে ব্যালট বাক্সগুলো ভোট কেন্দ্রে পৌঁছে দেন বলে জানা গেছে।

তবে কোন ভুল বোঝাবুঝি নাকি অন্য কোন উদ্দেশ্যে সেনারা ব্যালট বাক্সগুলো আটকিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বিষয়টি জানাজানি হবার পর আগামীকাল সুষ্ঠুভাবে নিজের ভোট প্রদান করতে পারবেন কিনা তা নিয়ে এলাকার ভোটারদের মধ্যে নানা সন্দেহ ও শঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More