পানছড়িতে ব্যাপক সেনা উপস্থিতি, জনমনে আতঙ্ক

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৫ জুলাই ২০২৬
খাগড়াছড়ির পানছড়িতে ব্যাপক সেনা উপস্থিতির কারণে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) ভোররাত ৩টার সময় খাগড়াছড়ি ব্রিগেড থেকে ১০টি গাড়িযোগে আনুমানিক ১০০-১২০ জন সেনা সদস্য পানছড়ি সাবজোনে এসে থামে। পরে সেখান থেকে মেজর সাব্বিরের নেতৃত্বে ৭টি গাড়িতে করে ৭০-৮০ জন সেনা সদস্য নীচের পুজগাং হয়ে যুবনাশ্ব পাড়ায় হানা দেয় এবং আরো ৩টি গাড়িযোগে ৩০-৩৫ জন সেনা সদস্য মনিপুর হয়ে তারাবন এলাকার জগপাড়ায় হানা দেয়।
সেনাদের সাথে কয়েকজন ঠ্যাঙাড়ে (মুখোশ) দুর্বৃত্তও রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা সদস্যরা চেঙ্গী ইউনিয়নের রাজকুমার পাড়া এবং জগপাড়া সমিতি আমবাগানে অবস্থান করছে বলে জানা গেছে।
সেনারা এলাকার লোকজনকে ঘোরাফেরা করতে দিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এদিকে, এলাকাবাসী অভিযোগ করে আরও বলেছেন, জেএসএস সন্তু গ্রুপের একটি দল গত ১ মাস লোগাং ইউনিয়নের বাবুড়াপাড়া এলাকার করল্যাছড়ি, চাম্মে আদাম ও রামতনু পাড়ায় অবস্থান করলেও সেনাবাহিনী ওই এলাকায় কোন অভিযান পরিচালনা করছে না। গতকালও সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য বাবুড়াপাড়া এলাকায় সশস্ত্র মহড়া দিয়েছে। এ সময় বিজিবি’র সদস্যরা সে এলাকায় উপস্থিত থাকলেও কোন পদক্ষেপ নেয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
