পোশাক শ্রমিক তৌফিক শেখ হত্যার নিন্দা ও প্রতিবাদ ইউডব্লিউডিএফ-এর

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৪ নভেম্বর ২০২৬

‎মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন চলাকালে গত ২ নভেম্বর গাজীপুরে হামলায় আহত পোশাক শ্রমিক তৌফিক শেখের চিকিৎসাধীন অবস্থায় গতকাল (৩ নভেম্বর) মৃত্যু হয়। উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছ ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ)।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউডব্লিউডিএফের কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রমোদ জ্যোতি চাকমা ও সদস্য সচিব শুভ চাক এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন কোনো অপরাধ নয়। শ্রমিকদের ওপর হামলা ও হত্যার মাধ্যমে ন্যায্য দাবি দমন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎নেতৃদ্বয় আরও বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অর্ধশতাধিক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। শ্রমিকদের ওপর হামলা ও গণগ্রেফতারের মধ্য দিয়ে বিএনপি সরকারের গণবিরোধী ও দমনমূলক চরিত্র প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে পোশাক শ্রমিক তৌফিক শেখের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ন্যায্য দাবি—মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি বাস্তবায়নের আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More