সাজেকে ভুয়া সংগঠনের নামে ৪৮ ঘন্টার অবরোধ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণার পর তথাকথিত ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’র পরিচয়, সাংগঠনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনটির নামে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধের ঘোষণা দেওয়া হলেও এতে বিবৃতিদাতার স্বাক্ষর, যোগাযোগের নম্বর কিংবা সংগঠনের অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির যোগাযোগের তথ্য উল্লেখ করা হয়নি।

গত ৩ নভেম্বর গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে সংগঠনটির সদস্যসচিব হিসেবে কথিত বিন্দু লাল চাকমার নাম উল্লেখ করে সাজেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে, বিবৃতিটির সত্যতা ও উৎস যাচাই করতে গিয়ে যোগাযোগের তথ্য না পাওয়ার বিষয়টি সামনে এনেছেন রাঙামাটির এক সাংবাদিক। ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংবাদ বিজ্ঞপ্তিটির পিডিএফ কপি প্রকাশ করে সংগঠনটির দায়িত্বশীল ব্যক্তিদের যোগাযোগ নম্বর চেয়ে পোস্ট দেন।

ওই সাংবাদিক তাঁর পোস্টে লেখেন, “পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্যসচিব বিন্দু লাল চাকমা কিংবা আহ্বায়ক বা সংশ্লিষ্ট কারও নম্বর পাওয়া যাবে? নিউজ-সংক্রান্ত কাজের জন্য প্রয়োজন।”

তিনি আরও লেখেন, “শুধু প্রেস রিলিজ পাচ্ছি। সই/স্বাক্ষর কিছুই নেই। কারও নম্বরও নেই। কীভাবে কার সঙ্গে আলাপ করি। আবার ঠিকানাও লেখা রাঙামাটি সদর।”

একটি সংগঠনের নামে গুরুত্বপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও তার নেতৃত্ব, দায়িত্বশীল ব্যক্তিদের পরিচয় এবং যোগাযোগের তথ্য না থাকায় সংগঠনটির প্রকৃত অস্তিত্ব ও সাংগঠনিক স্বচ্ছতা নিয়ে পাহাড়ের বিভিন্ন মহলে সন্দেহ দেখা দিয়েছে।

যোগাযোগের নম্বর ও সই/স্বাক্ষরবিহীন কাল্পনিক ব্যক্তির নামে গণমাধ্যমে প্রেরিত বিবৃতির মাধ্যমে প্রমাণিত হয়, কথিত ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’ ভুয়া এবং এটি বিশেষ মহলের ধারাবাহিক ও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

সাজেকবাসীর ন্যায্য দাবিতে চলমান আন্দোলন নস্যাৎ করে দেওয়ার হীন উদ্দেশ্যে ভুয়া সংগঠন ও ব্যক্তির নামে তথাকথিত সর্বাত্মক অবরোধ ডাকা হয়েছে বলে মনে করেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

তিনি উক্ত নামসর্বস্ব ভুয়া সংগঠনের ডাকা অবরোধ সম্পর্কে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More