বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলীতে ৩টি বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান, পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৭ জুন ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের অন্তত ৩টি বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করার খবর পাওয়া গেছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বা ক্লাসে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১৭ জুন ২০২৬) বিকাল ৩টার সময় বাঘাইহাট জোন (১৪ বীর) থেকে ৩০ জনের একটি সেনা দল দৌজরী আগালাছড়া এলাকায় যায়। এরপর সেনারা দৌজরি আগালা ছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করে সিএইচটি নিউজকে জানান, সেনাবাহিনীর সদস্যরা সেখানে যাওয়ার পর বিদ্যালয়ের মাঠে ঘেরা দেওয়া বেড়া ভেঙ্গে ঢুকে বিদ্যালয়ের বারান্দায় অবস্থান নেয়। পরে তারা বিদ্যালয় মাঠ থেকে চিৎকার করে লোকজন ডেকে বিদ্যালয়ের রুমে চাবি খোঁজ করে। এরপর গ্রামের কারবারী এক যুবকের মাধ্যমে চাবি পাঠায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, বিদ্যালয়ের প্রাঙ্গণের চারপাশে সৌন্দর্যের জন্য ছায়াযুক্ত গাছ ও কলা চারা রোপন করা হয়। ঐ চারাগুলো গরু ছাগল থেকে রক্ষার জন্য পুরো বিদ্যালয় এরিয়া বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়। আজ সেনা সদস্যরা এসে সে ঘেরার একাংশ ভেঙে দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। অথচ বিদ্যালয়ে প্রবেশের জন্য মাঠে নির্দিষ্ট দরজা ছিল।
তিনি আরো বলেন, আগামীকাল ছাত্র-ছাত্রীদের ক্লাস রয়েছে। সেনা সদস্যরা বিদ্যালয়ে অবস্থান করলে শিক্ষার্থীরা ভয় পেতে পারে। আর এতে আমাদেরও পাঠদান করতে সমস্যা হবে।
অন্যদিকে রাত সাড়ে ৭টার সময় করেঙ্গাতুলি সাবজোন থেকে সেনাবাহিনীর দুটি দল গিয়ে বঙ্গলতুলি ইউনিয়নের বেতাগীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জারুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
