0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিটন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিএইচটি নিউজ0জুন ১৭, ২০২৬


চবি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিটন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৭ জুন ২০২৬) বিকাল ৩:৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক সুদর্শন চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিউটন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পিসিপি’র সভাপতি ভূবন চাকমা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ভিপি রিপুল চাকমা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী হালিরাম ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে শহীদ মিটন চাকমাসহ পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিতপ্রাণ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোহেল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিকটবর্তী বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগামী শিক্ষার্থীরাই আশি-নব্বই দশকে যৌথবদ্ধভাবে ‘হিল লিটারেচার ফোরাম’ ম্যাগাজিনের ‘রাডার, স্যালভো’ সংখ্যা বের করে পার্বত্য চট্টগ্রামের শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি বলেন, পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিসত্তার ৭০০ অধিক শিক্ষার্থী এখানে একসঙ্গে অধ্যয়ন করছে। বৈচিত্র্যপূর্ণ এই পরিবেশে তাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সমাজের অগ্রগামী অংশ হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার উদ্দেশ্য শুধু প্রতিষ্ঠিত ব্যবস্থা পক্ষে দাঁড়ানো নয়। এর পাশাপাশি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমাদের সমাজ ও জাতির দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। পাহাড়ি ছাত্র পরিষদ তার আদর্শিক জায়গা অব্যাহত রেখে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছাড়াও শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকাশে শিক্ষা, গবেষণা ও খেলাধুলাসহ বিভিন্ন জনকল্যাণকর কাজের প্রতি গুরুত্বারোপ করে থাকে।

তিনি শহীদ মিটন চাকমাকে স্মরণ করে বলেন, শহীদ মিটন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষ করে তিনি ব্যক্তিগত মোহ বা স্বাচ্ছন্দ্যের জীবন পরিহার করে পাহাড়ের মানুষের অধিকার ও মুক্তির আন্দোলনে যুক্ত হন। ব্যক্তি জীবনে তিনি সৎ ও বিনয়ী ছিলেন। ২০২৪ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে সাংগঠনিক দায়িত্ব পালনকালে জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যদের হামলায় তিনি শহীদ হন।

সোহেল চাকমা পার্বত্য অঞ্চলে চলমান সংঘাত বন্ধ করে পারস্পরিক ঐক্য ও সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ভ্রাতৃত্বসুলভ ও সহযোগীতাপূর্ণ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

উদ্বোধনী ম্যাচে হিল অ্যাটাকার (২৫–২৬) এবং তংগ্রী (২৪–২৫) মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দল ভালো খেললেও শেষ পর্যন্ত হিল অ্যাটাকার ৩–১ গোলে জয় লাভ করে।

ম্যাচে হিল অ্যাটাকার দলের জয় বাবু ত্রিপুরা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More