বিশ্ব পরিবেশ দিবসে লক্ষীছড়িতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ জুন ২০২৬:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সদর ইউনিয়নের বান্যাছোলা এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন ২০২৬) “রাবার, সেগুন ও ইউক্যালিপটাসসহ বিদেশি প্রজাতির গাছের বিস্তার ঘটিয়ে প্রাকৃতিক বনজঙ্গল বিপন্ন করবেন না, পার্বত্য চট্টগ্রামে জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসুন”- এই আহ্বানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘পরিবেশ রক্ষার্থে সচেতন এলাকাবাসী’ ব্যানারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১নং লক্ষীছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার খিলু মার্মা। এতে আরো বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ক্যচিং, বিশিষ্ট মুরুব্বি বীরেন্দ্র চাকমা ও ইউপিডিএফ প্রতিনিধি অংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য আজ নানা হুমকির মুখে। রাবার, সেগুন ও ইউক্যালিপটাসের মতো পরিবেশ ক্ষতিকর বিদেশি প্রজাতি গাছের বাগান সম্প্রসারণের ফলে প্রাকৃতিক বনাঞ্চল সংকুচিত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ করা হয়। এতে সভায় অংশগ্রহণকারীরাও অংশ নেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
