বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত

0
সংগৃহিত ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১ মে ২০২৬

গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ, এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করে সর্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ।

আজ শুক্রবার (১ মে ২০২৬) সকালে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কার্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খবংপড়িয়া দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির ভান্তে।

শোভাযাত্রাটি সেখান থেকে শুরু হয়ে কোর্ট বিল্ডিং ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মহাজন পাড়া জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

পরে জনবল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে দেশ, জাতি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিখার দান, স্বধর্ম শ্রবণ ও পিণ্ডদানসহ নানা আচার পালন করা হয়।

অপরদিকে, দীঘিনালায় পার্বত্য ভিক্ষু সংঘ, বাংলাদেশ দীঘিনালা শাখার উদ্যোগে সকালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।


উল্লেখ্য, এই পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ সংঘটিত হওয়ায় দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিবছরই এটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More