মহালছড়িতে ইউপিডিএফ সদস্য বিজগ খীসার বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

0


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফ সদস্য বিজগ খীসার বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গত রাত ১:০০টার সময় মহালছড়ি জোন থেকে চারটি গাড়িতে করে একদল সেনা সদস্য ৬-৭ জন ঠ্যাঙাড়ে দুর্বৃত্তকে সাথে নিয়ে মহালছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন পাড়ায় হানা দিয়ে ইউপিডিএফ সদস্য বিজগ খীসার বাড়ি ঘেরাও করে। পরে তারা পরিবারের লোকজনকে ঘুম থেকে জাগিয়ে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। তবে এ সময় বিজগ খীসা বাড়িতে ছিলেন না। তার স্ত্রী, ২ বছরের ছেলে ও উর্মিতা চাকমা নামে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক আত্মীয়ের মেয়ে বাড়িতে ছিলেন।

সেনারা তার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও স্ত্রীর ব্যবহৃত একটি বাটন মোবাইল নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

তল্লাশির পর সেনারা বিজগের স্ত্রী ও ৭ম শ্রেণির ছাত্রী উর্মিতা চাকমাকে আলাদাভাবে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে। বিজগের স্ত্রীকে সেনা সদস্যরা চারিদিকে ঘিরে রেখে একজন মুখোশ পরা ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত জিজ্ঞেসাবাদ করে বলে জানা গেছে। 

সেনাদের সাথে থাকা মুখোশ পরা ৬-৭ জন ঠ্যাঙাড়ে দুর্বৃত্তের মধ্য থেকে বিরাজ মুনি চাকমা নামে একজনকে চিনতে পেরেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এছাড়া সেনারা ধুমনিঘাট থেকে কালিঙ্কর চাকমা নামে এক ব্যবসায়িকেও ধরে তাদের সাথে সেখানে নেয় বলে জানা গেছে।

বাড়ি তল্লাশি ও পরিবারের লোকজনকে হয়রানির পর চলে যাওয়ার সময় সেনারা মোবাইল নাম্বারসহ একটি কাগজে স্বাক্ষর নেয় বলে বিজগ খীসার স্ত্রী জানিয়েছেন।

অপরদিকে, ব্যবসায়ী কালিঙ্কর চাকমাকে সেনারা আজ (শনিবার) মহালছড়ি জোনে হাজির হওয়ার জন্য বলে গেছে। একই সাথে তাঁকে জোনে হাজিরা শেষে ব্রীজ পাড়ায় গিয়ে ঠ্যাঙাড়েদের সাথেও দেখা করতে বলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More