রামিসাসহ সারা দেশে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৩ মে ২০২৬

ঢাকায় রামিসা ও পাহাড়ে চিংমা খিয়াংসহ সারাদেশে নারী- শিশু ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ‘বিশেষ আদালতে’ মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৩ মে ২০২৬) সকাল ১১টার দিকে “‍‍‌শিশু ও নারী নিরাপত্তা হুমকির মুখে, এক হও” এই আহ্বানে ‘খাগড়াছড়ি ধর্ষণ বিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট’-এর ব্যানাারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া ঘুরে এসে চেঙ্গী স্কয়ারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে তারা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, সারা দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিচার দীর্ঘসূত্রতা ও আইনের দুর্বলতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। বর্তমানে ধর্ষণ দেশে মহামারিতে পরিণত হয়েছে। মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। বিচারের বাণী যেন নিভৃতে কাঁদে। 

নারী-শিশুরা আজ কোথাও নিরাপদ নয় উল্লেখ করে তারা চিংমা খিয়াং, কৃত্তিকা ত্রিপুরাসহ পাহাড়ে এ যাবত যত ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনার কোন বিচার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। 

তারা বলেন, পাহাড়ে ধর্ষণের বিচার চাইতে গেলে হত্যার শিকার হতে হয়, রক্ত দিতে হয়। রাষ্ট্র এখনো অপহৃত কল্পনা চাকমার সন্ধান দিতে পারেনি উল্লেখ করে তারা প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনী পাহাড়ে ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আড়াল করে রাখে বলে অভিযোগ করেন। 

বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া সমালোচনা করেন এবং ধর্ষণের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন।

বক্তারা প্রশ্ন তোলেন, যেখানে রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডে জড়িত অপরাধী নিজের অপরাধ স্বীকার করেছে সেখানে সরকার তাকে ফাঁসি না দিয়ে কেন জেলে ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে?

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘আপনারা যদি ধর্ষণের বিচার করতে না পারেন তাহলে ধর্ষকদের জনগণের হাতে তুলে দিন। জনগণ তাদের বিচার করবে।’

তারা পাহাড় ও সমতলে সংঘটিত সকল নারী-শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিশেষ আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More