মাটিরাঙ্গায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধুল্যা গ্রামে ইউপিডিএফের স্থানীয় কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আজ সকাল সাড়ে ৮টার সময় অজিত চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী ধুল্যা গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে ইউপিডিএফ কর্মী কৌশল ও পরেশ চাকমার ওপর আকস্মিক হামলা চালায়। অবশ্য হামলা হতাহতের ঘটনা ঘটেনি। দু’জনই সরে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে কৌশল চাকমাকে প্রথমে খুঁজে পাওয়া না গেলেও পরে তাকে খুঁজে পাওয়া গেছে জানান তিনি।
সন্ত্রাসীরা কেবল হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা ওই বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিবৃতিতে অংগ্য মারমা উদ্বেগ প্রকাশ করে বলেন, হামলার ঘটনার পর ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা চলে গেলে বিজিতলা আর্মি ক্যাম্পের একদল সেনাসদস্য সকাল ১১টার দিকে আবার হামলাকারী সন্ত্রাসী অজিত চাকমাকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, যা সাধারণ জনগণের মধ্যে গভীর শঙ্কা ও সন্দেহের জন্ম দিয়েছে। এ ধরনের রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসী কার্যক্রম পাহাড়ের গণতান্ত্রিক আন্দোলন ও সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত করছে বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে হামলাকারী সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী অজিত চাকমাসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের রাষ্ট্রীয় বাহিনীর মদদদান বন্ধের জোর দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
