রামগড়ে পাহাড়িদের ওপর সেটলারদের হামলা ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সোনাইআগা এলাকায় বাজারগামী ৬ পাহাড়ির ওপর সেটলাদের হামলা, মারধর ও মালামাল লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ-এর রামগড় উপজেলা শাখাসমূহ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।

প্রথমে তৈচাকমা পাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিছিলটি নাভাঙ্গা যাওয়ার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তৈচাকমা পাড়া এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে এলাকার নারী-পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদ এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি ধনু ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা সাধারণ সম্পাদক ধন মোহন ত্রিপুরা ও সদস্য প্রেমালি ত্রিপুরা।

যুবনেতা ধনু ত্রিপুরা বলেন, ‘রামগড়ে গতকাল (২২ জুলাই) নিরীহ পাহাড়িদের ওপর সংঘটিত হামলা, মারধর ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। মো. ইউনুস গংয়ের নেতৃত্বে সংঘটিত এই হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পাহাড়ি জনগণের জানমাল ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

ছাত্রনেতা ধন মোহন ত্রিপুরা বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর হামলা, নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটতে শুরু করেছে। রামগড়ে গতকাল মো. ইউনুস গংয়ের নেতৃত্বে সংঘটিত এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করি।’

বর্তমান সরকার পাহাড়ি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে হয়েছে মন্তব্য করে তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সাথে জড়িত মো. ইউনুস গংসহ সকলকে গ্রেপ্তার ও যথাযথ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে তিনি ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান তিনি।

প্রেমালি ত্রিপুরা বলেন, “মো. ইউনুস গং কর্তৃক গতকাল রামগড়ের সোনাইআগা এলাকায় নারীসহ ৬ জন সাধারণ পাহাড়ি ওপর হামলা, মারধর এবং তাদের কৃষিপণ্য, অর্থ ও মালামাল লুটপাটের ঘটনা পাহাড়িদের ওপর এ যাবৎ হামলারই ধারাবাহিক অংশ। বর্তমান তারেক রহমানের বিএনপি সরকারকে এ হামলার দায় নিতে হবে।

তিনি এধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে এবং পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করতে সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে সম্মানজনক পুনর্বাসনের জোর দাবি জানান।

উল্লেখ্য, গতকাল (২২ জুলাই) সকাল ৭টার দিকে বাজারে যাওয়ার পথে রামগড়ের সোনাইআগা নামক স্থানে সেটলারদের হামলার শিকার হন নারীসহ ৬ জন পাহাড়ি। সেটলাররা তাদের মারধর করে আহত করে এবং অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

মো. ইউনূস ও ইউসুফ’র নেতৃত্বে একদল সেটলার এ হামলা চালায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More