লক্ষীছড়িতে এক মারমা নারীকে অপহরণ, দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ

0
অপহরণে জড়িত রাঙ্গা সাথোয়াই মারমাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়িতে এক মারমা নারীকে অপহরণের সাথে জড়িত দুই সন্ত্রাসীকে পুলিশ আটক করেছে এবং অপহৃত নারীকেও উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। তবে মূল অভিযু্ক্ত পলাতক রয়েছে বলে ‍পুলিশ জানিয়েছে। 

গতকাল বুধবার (১৮ মার্চ ২০২৬) তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে। 

আটককৃতরা হলেন- ১. রাঙ্গা সাথোয়াই মারমা (৪৬), পিতা- মংগেয়া মারমা, গ্রাম- পশ্চিম হাজাছড়ি মাস্টার পাড়া, দুল্যাতলী ইউপি, লক্ষীছড়ি ও মো. কাদের, পিতা- মনসুর মেম্বার, গ্রাম- মগাইছড়ি, লক্ষীছড়ি। 

তবে অপহরণ ঘটনার মূল অভিযুক্ত মো. বাহাদুর (২৯), পিতা- মো. হাবিব পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের মগাইছড়ি গুচ্ছগ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গা সাথোয়াই মারমা, মো. বাহাদুর, বিপুল চাকমা, পিতা- অজ্ঞাত, (গ্রাম- বেলতলী পাড়া, লক্ষীছড়ি)সহ পাহাড়ি ও সেটলার বাঙালি মিলে ৫/৬ জনের একদল সন্ত্রাসী গত ১১ মার্চ থেকে ‘জেএসএস সন্তু গ্রুপের’ নামে লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের মগাইছড়ি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও গাড়ি থেকে চাঁদাবাজি করছিল।

গত মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টার সময় উক্ত সন্ত্রাসীরা দুল্যাতলী ইউনিয়নের পশ্চিম হাজাছড়ি মাস্টার পাড়া থেকে উক্রাপ্রু মারমা (২২), পিতা- কালা সাথোয়াই মারমা নামে এক নারীকে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

পরে পরিবার, এলাকার জনপ্রতিনিধি ও মুরুব্বীদের পক্ষ থেকে লক্ষীছড়ি থানা পুলিশকে ঘটনাটি জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে মগাইছড়ি এলাকা থেকে মো. কাদের (৩০), পিতা- মনসুর মেম্বার সাং- মগাইছড়ি, লক্ষীছড়ি-কে আটক করে। এ সময় পুলিশ মো. বাহাদুর-এর বাড়ি থেকে অপহৃত উক্রাপ্রু মারমাকে উদ্ধার করে লক্ষীছড়ি থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসে।

তবে মূল অভিযুক্ত মো. বাহাদুর (যার বাড়ি থেকে অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে) এখনো পালাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

পরবর্তীতে মো. কাদের-এর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বান্দরবানের বালাঘাটা এলাকা থেকে অভিযুক্ত রাঙ্গা সাথোয়াই মারমাকে আটক করে বলে জানা গেছে। তাকে লক্ষীছড়ি থানায় আনার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। 

এদিকে, আজ (বৃহস্পতিবার) সকালে লক্ষীছড়ি থানা পুলিশ উক্রাপ্রু মারমা ও তার বাবা কালা সাথোয়াই মারমাকে জবানবন্দি প্রদানের জন্য খাগড়াছড়ি ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে দিয়েছে। 

উল্লেখ্য, দুই-আড়াই মাস আগেও মো. বাহাদুর কর্তৃক উক্রাপ্রু মারমাকে তুলে নেওয়া হয়েছিল। সে সময় এলাকার মুরুব্বীরা বিভিন্নভাবে চাপ প্রয়োগের মাধ্যমে মো. বাহাদুর-এর কাছ থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

স্থানীয়রা ধারণা করছেন, সম্প্রতি মো. আজম (২৩) নামে এক ভাড়াচালিত মোটরসাইকেল চালক অপহরণের ঘটনার সাথেও এই সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত সন্ত্রাসী গ্রুপটির মতো অতীতেও লক্ষীছড়িতে সেনা-গোয়েন্দা সংস্থার মদতে কিছু দুর্বৃত্তকে অস্ত্র সরবরাহ করে চুরি, ডাকাতি, অপহরণ, খুনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছিল।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More