শহীদ ভরদ্বাজ মুনি’র স্মৃতিস্তম্ভ ভেঙে দেওয়ার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

0

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“নব্বই দশকের ছাত্র-গণজাগরণের চেতনায় আঘাতকারী গণশত্রু ফ্যাসিস্ট প্রেতাত্মাদের রুখে দিন” শ্লোগানে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনের প্রথম শহীদ ভরদ্বাজ মুনির স্মৃতিস্তম্ভ ভেঙে দেয়ার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে তিন সংগঠন দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ২টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিলটি উদাল বাগান হয়ে বাঘাইছড়ি দূঅর-এর প্রধান সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের  কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।

তিনি বলেন, ভরদ্বাজ মুনির আত্মবলিদান পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে এক ইতিহাস। তাঁর আত্মবলিদানের চেতনা ধারণ করে পার্বত্য চট্টগ্রামে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেখানে কেউ ঘর তোলার অজুহাতে তাঁর স্মৃতিস্তম্ভটি ভেঙে দিতে পারে না। যারা ইতিহাস নিয়ে সচেতন তারা এই ঘটনা কখনও মেনে নিতে পারে না। আমরা এ অপকর্মের জন্য জন্য তীব্র ঘৃণা প্রকাশ করছি।

নীতি চাকমা বলেন, যারা ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত করেছে, এখানে আর্মি কিংবা বিএনপি সরকার- যার ইন্ধনেই ভরদ্বাজ মুনির শহীদ স্মৃতিস্তম্ভটি ভেঙে দিয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার জন্য চলমান আন্দোলনকে বানচাল করে দেয়ার জন্য নানা চক্রান্ত চলছে। কখনো ইতিহাস বিকৃত করা হচ্ছে, কখনো ইতিহাস মুছে দেয়ার চক্রান্ত করা হচ্ছে, আবার কখনো আমদের ঐতিহ্যবাহী জায়গার নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১৩ অক্টোবর দীঘিনালা সদরে পাহাড়ি ছাত্র পরিষদের আহূত ছাত্র-গণসমাবেশে যোগ দিতে এসে মাইনি ব্রীজের সন্নিকটে সেনা মদদে সেটলারদের হামলায় শহীদ হন ৭০ বছরের বৃদ্ধ ভরদ্বাজ মুনি চাকমা। হামলায় প্রায় অর্ধশত নারী-পুরুষ আহত হয়েছিলেন।

শহীদ ভরদ্বাজ মুনির আত্মবলিদানের স্বীকৃতিস্বরূপ তাঁর স্মরণে বেশ কয়েক বছর আগে দীঘিনালা কলেজ সংলগ্ন সড়কের পাশে বাবুপাড়ায় স্থায়ীভাবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

দীর্ঘ বছর ধরে সেটি অক্ষত অবস্থায় থাকলেও গত শুক্রবার (২৮ আগস্ট) বিকালে রাজীব চাকমা নামে এক ব্যক্তি সেটি ভেঙে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে শাসকগোষ্ঠীর ইন্ধন থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।

অভিযুক্ত রাজীব চাকমা বর্তমানে দীঘিনালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এর আগে তিনি জেএসএস(এমএন লারমা) ও সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More