শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এক গারো নারীর ওপর হামলা, পরে থানায় মীমাংসা

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন পশ্চিম গজারিকুড়া এলাকায় বুদুমিয়া ওরফে ফকির আলী নামে এক ব্যক্তির সাথে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চিয়া চাম্বুগং নামে এক গারো নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে টিয়া চাম্বুগং তাঁর পরিবারের লোকজনকে নিয়ে জমিতে ধানের চারা রোপণ করছিলেন। জমির প্রায় অর্ধেক রোপণ করার পর বুদুমিয়া ও তার স্ত্রী সেখানে উপস্থিত হয়ে দু’জনে মিলে টিয়া চাম্বুগং এর উপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে তাঁকে মারধর করে ও গালে কামড় দিয়ে জখম করে।
এ ঘটনার পর টিয়া চাম্বুগং ও তাঁর পরিবারের লোকজন মিলে থানায় অভিযোগ করতে যান। পরে থানায় দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় “আদিবাসী’ বা জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত কয়েকদিন আগেও একই থানার পূর্ব গজারিকুড়া এলাকায় এক বাঙালি ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় গারোদের গ্রামে হামলা, ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। এ ধরনের হামলা আরো ঘটতে পারে বলেও সেখানকার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন। তারা এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
