সাজেকের মাজলঙে সেনাবাহিনী কর্তৃক ২ যুবককে নির্যাতন ও ঘরবাড়ি ঘেরাও-তল্লাশির অভিযোগ

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙে সেনাবাহিনী কর্তৃক দুই যুবককে নির্যাতন ও ঘরবাড়ি ঘেরাও-তল্লাশির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টা সময়ে বাঘাইহাট জোন হতে চারটি বড় গাড়ি ও ৯টি পিকআপে করে বিপুল সংখ্যক সেনা সদস্য মাজলঙ বাজারে যায়। এ সময় সেনারা মাজলঙ বাজার ব্রীজের সামনে সোহেল চাকমা (২০) ও জিকো চাকমা (২২) নামে দুই যুবককে ধরে শারীরিক নির্যাতন করে ও তাদের কাছ থেকে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে।

উক্ত দুই যুবকের বাড়ি দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের খালকুল পাড়া গ্রামে। এদের মধ্যে সোহেল চাকমার পিতার নাম চিত্ত রঞ্জন চাকমা ও জিকো চাকমার পিতার নাম শান্তি বিকাশ চাকমা।

তারা গতকাল মাজলঙ পুকুরপাড়া গ্রামের বাসিন্দা তুক্কুরু চাকমার বাড়িতে বেড়াতে যান। সেখানে থেকে বাড়ি ফেরার পথে সেনাদের মুখে পড়েন এবং নির্যাতন ও হয়রানির শিকার হন বলে জানা গেছে। 

এরপর সেনাবাহিনীর সদস্যরা মাজলঙের শান্তিপাড়া গ্রামে হানা দেয়। সেখানে তারা গ্রামের বাসিন্দা বাবু চাকমার বাড়ি ঘেরাও করে এবং তল্লাশি চালায়।

এ সময় সেনারা আরো কয়েকজনের বাড়ি তল্লাশির উদ্দেশ্যে ঘেরাও করলে স্থানীয় নারীরা তাতে বাধা দেয় ও প্রতিরোধ করে। ফলে তারা আর সেসব বাড়ি তল্লাশি করতে পারেনি।

যাদের বাড়ি ঘেরাও করা হয় তারা হলেন-১. আলো বিকাশ চাকমা, পিতা: ধিরেরন চাকমা; ২. আলো কার্বারী পিতা: অনন্ত সিং চাকমা;  ৩. শান্তি বিকাশ চাকমা, পিতা: শান্তি মনি চাকমা; ৪. হামিশ কুমার চাকমা, পিতা: নোয়ারাম চাকমা; ৫. বিজয় বিকাশ চাকমা, পিতা: নোয়ারাম চাকমা; ৬. বাবু চাকমা, পিতা; বিন্দু কুমার চাকমা; ৭. নিশিমনি চাকমা, পিতা: দিন মোহন চাকমা, ৮. সুরেশ বিহারী চাকমা, পিতা: কিনারাম চাকমা ৯. উত্তম চাকমা, পিতা: ভূপতি রঞ্জন চাকমা।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (রাত ৮টা) সেনারা সেখানে অবস্থান করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More