‘সাজেক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠিত, অবরোধ আরও জোরদার করার ঘোষণা

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সাজেক সংকট সমাধানে সরকারের ব্যর্থতাকে দায়ি করে সাজেক পর্যটন সড়কে অবরোধ আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে ১০১ সদস্য বিশিষ্ট ‘‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ‘সাজেক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’র সদস্য সচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের আহ্বানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেনা-মদদপুষ্ট জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে চলমান চতুর্থ দফার অবরোধের মধ্যে আজ ৭ নভেম্বর ২০২৬ শনিবার এক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সভায় গত ৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাজেক সংকট সমাধানে সুস্পষ্ট ঘোষণা দিতে ব্যর্থ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা করে বলা হয়, ‘সরকার সংকট নিরসনে আন্তরিক নয়’। সাজেকবাসীর ন্যায্য দাবি আদায়ের জন্য কমিটি ও অ্যাসোসিয়েশনের নেতারা আন্দোলন আরও কঠোর ও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
“এ লক্ষ্যে বাবুধন চাকমাকে আহ্বায়ক ও বিজয় কান্তি চাকমাকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠন করা হয়েছে।”
সভা থেকে ‘সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আসা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক থেকে প্রত্যাহারসহ ২৬ অক্টোবর উজো বাজারে অনুষ্ঠিত বৈঠকে সরকারি প্রতিনিধি দলের কাছে পেশ করা পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’- এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
