স্বনির্ভর হত্যাকাণ্ডের ৮ বছর: খাগড়াছড়িতে পিসিপির স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৮ আগস্ট ২৬
স্বনির্ভর হত্যাকাণ্ডের মূল হোতা বর্তমান আনসার-ভিডিপি’র মহাপরিচালক আবদুল মোতালেব-সহ সকল খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৭ শহীদের সম্মানে খাগড়াছড়ি সদরে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) “পূর্ণস্বায়ত্তশাসন কায়েম করে শহীদের রক্তের শোধ নেবো” শ্লোগানে আয়োজিত স্মরণসভায় পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমার সভাপতিত্বে ও তথ্য প্রচার সম্পাদক জেকিন চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা।
স্মরণসভার শুরুতে তপন, এল্টন পলাশসহ ৭ শহীদ এবং গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, ২০১৮ সালের ১৮ আগস্ট আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-এর সৃষ্ট ঠ্যাঙাড়ে (নব্য মুখোশ) সন্ত্রাসীরা খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে পুলিশ-বিজিবির সামনে প্রকাশ্যে দিবালোকে পিসিপি নেতা তপন, এল্টন, যুবনেতা পলাশসহ ৭ জনকে নৃশংসভাবে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের ৮ বছরেও প্রশাসন এখনো জড়িত কাউকেই এখনো গ্রেফতার করেনি। বরং এই হত্যাকাণ্ডের মূল হোতা আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ-কে প্রমোশন প্রমোশন দিয়ে আনসার-ভিডিপি’র মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এভাবে সরকার-শাসকগোষ্ঠি খুনিদের রক্ষা করে চলেছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে মুক্তির সংগ্রামে নিবেদিতপ্রাণ উদীয়মান নেতৃত্বকে ধ্বংস করার জন্য শাসকশ্রেণী একটি সুবিধাবাদী ভাড়াটে মহল দিয়ে এই কিলিং মিশন করে পরিচালনা করে যাচ্ছে। ২০১৮ সালের ১৮ আগস্ট স্বনির্ভর হত্যাকাণ্ড এবং তার আগে একই বছর ৩ জানুয়ারি পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মিঠুন চাকমাকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০২৩ সালে সাবেক ছাত্রনেতা বিপুল চাকমা ও পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা-সহ ৪ জনকে নব্য মুখোশ সন্ত্রাসী কর্তৃক হত্যা করা হয়। যারা এসব হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তাদের কাউকেই এখনো গ্রেফতার করা হয়নি। খুনিরা এখনো প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা স্বনির্ভর হত্যাকাণ্ডের মূল হোতা বর্তমান আনসার-ভিডিপি’র মহাপরিচালক আবদুল মোতালেব-সহ সকল খুনিদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্মরনসভা শেষে তপন এল্টন পলাশসহ সকল শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
