কাউখালীতে গুইমারার তিন শহীদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে ধর্ষণবিরোধী সড়ক অবরোধ পালনকালে সেনা-সেটলারদের হামলার সময় সেনাবাহিনী সদস্যদের নির্বিচার গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’-এর আহ্বানে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের নিম্ন কচুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরাতন পোয়াপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানছড়ি উচ্চ বিদ্যালয়, মুবাছড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়, হারাঙ্গি পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়; ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়, ডাবুয়া হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাবুয়া কেপি চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধূপছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শীলছড়ি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও কলমপতি ইউনিয়নের হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড় আমছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণের মাধ্যমে শহীদদের স্মরণ ও শোক প্রকাশ করেন।




এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কালো ব্যাজ ধারণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করেন কাউখালী উপজেলার হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের স্থানীয় নেতা কর্মীরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় মারমা কিশোরীকে ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পাহাড়িদের ওপর সেনা-সেটলাররা হামলা, ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর আহত হন।
আগামীকাল (২৮ সেপ্টেম্বর ২০২৬) এ ঘটনার এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে গতকাল শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর পক্ষ থেকে ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিন কালো ব্যাজ ধারণ, প্রদীপ প্রজ্বলন ও প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এরই আলোকে আজকের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
