কাউখালীতে দুই ভাইয়ের বাড়ি ঘেরাও করে হয়রানির অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২২ জুলাই ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কজইছড়ি গ্রামের দুই ভাইয়ের বাড়ি ঘেরাও করে হয়রানি করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।

যাদের বাড়ি ঘেরাও করা হয় তারা হলেন, আনন্দ চাকমা ও উজ্জ্বল চাকমা। তারা দুজনই কজইছড়ি গ্রামের বাসিন্দা জগত হরি চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (২১ জুলাই) থেকে হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ে অবস্থানরত সেনা সদস্যদের মধ্য থেকে একটি দল আজ সকাল ৯টার দিকে কজইছড়ি গ্রামে গিয়ে উক্ত দুই ভাইয়ের বাড়ি ঘেরাও করে। এ সময় তারা আনন্দ চাকমার দুই ছেলে শৈলেন চাকমা ও অফুরন্ত চাকমাকে দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বাড়ির আঙ্গিনায় নিয়ে আসে। এরপর তাদেরকে ইউপিডিএফ সদস্য সন্দেহ করে নানাভাবে জেরা করতে থাকে।

তখন আনন্দ চাকমার সহধর্মিণী তোসি চাকমা বলেন, ‘স্যার এরা আমার দুই ছেলে। তারা ইউপিডিএফ সদস্য নয়।’

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সেনারা তাদের বাবা আনন্দ চাকমাকেও ফোনে ডেকে আনে।

পেশায় মহেন্দ্র চালক আনন্দ চাকমা আজ ঘাগড়া বাজারের সাপ্তাহিক হাটের দিন হওয়ায় যাত্রী আনা নেয়ায় তখন বাড়ির বাইরে ছিলেন। তিনি বাড়িতে আসার পরই তার কাছ থেকে নিশ্চিত হওয়ার পর সেনারা তার ছেলেদের ছেড়ে দেয়।

এ সময় সেনা সদস্যরা তাদের কাছ থেকে ‘ইউপিডিএফ সদস্যরা কখন আসে, কতজন আসে, চাঁদা দিতে হয় কিনা’ ইত্যাদি হয়রানিমূলক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে।

সেনারা একইভাবে পাশাপাশি বাড়িতে বসবাসরত আনন্দ চাকমার ছোট ভাই উজ্জ্বল চাকমার বাড়িতে গিয়েও একই প্রশ্ন করতে থাকে। তবে তারা রুমের ভিতর কোন তল্লাশি চালায়নি।

উজ্জ্বল চাকমাও পেশায় একজন মহেন্দ্র চালক। তিনিও এ সময় বাড়িতে ছিলেন না।  পাশাপাশি তারা চাষাবাদ করেও জীবিকা নির্বাহ করছেন। এলাকায়ও তাদের ব্যাপক প্রভাব, সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে।

দুই ভাইয়ের বাড়ি ঘেরাওর পর সেনারা হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ফিরে যায়।

এদিকে, নিরীহ দুই ভাইয়ের বাড়ি ঘেরাও করে হয়রানির ঘটনায় কজইছড়ি গ্রামবাসীদের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত (বেলা ১১টা) সেনাবাহিনীর ২০ জনের একটি দল কজইছড়ি মোনে চলে যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More