বর্মাছড়ি এলাকায় উদ্ধারকৃত অজগর সাপ বনবিভাগে হস্তান্তর করলো ইউপিডিএফ

0


বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’কে সামনে রেখে উদ্ধারকৃত একটি বড় অজগর সাপ বনবিভাগে হস্তান্তর করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বর্মাছড়ি ইউনিট।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ৭টার দিকে ফটিকছড়ির খিরাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত বড়ইতলী গ্রাম থেকে একটি বড় আকারের অজগর সাপ উদ্ধার করা হয়। গ্রামের দুই বাসিন্দা এল্টন চাকমা, পিতা: পুলিন চাকমা ও সুনীমল চাকমা, পিতা: বুল্যা চাকমা ক্ষেতে কাজ করার সময় দেখতে পান একটি বড় অজগর সাপ জালে আটকা পড়েছে। এরপর তারা সাপটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং ইউপিডিএফের বর্মাছড়িতে দায়িত্বরত প্রতিনিধিকে বিষয়টি জানান। খবরটি পাওয়ার সাথে সাথে ইউপিডিএফ প্রতিনিধি বনবিভাগের সাথে যোগাযোগ করেন।

পরে নাজিরহাট রেঞ্জের আওতাধীন সত্তা বিটের দায়িত্ব প্রাপ্ত বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিতে সেখানে চলে আসেন। এরপর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আজ (শনিবার) বিকাল সাড়ে ৩টার সময় সত্তা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ হাসনাত-এর নিকট অজগর সাপটি হস্তান্তর করা হয়।

সাপটি আনুষ্ঠানিক হস্তান্তরের আগে ইউপিডিএফ প্রতিনিধি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, ইউপিডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই বন-পরিবেশ ও বন্যপ্রাণী সংক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস না করে সংরক্ষণ করতে হবে। তিনি সাপটিকে মেরে না ফেলার জন্য বড়ইতলী গ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সত্তা বিটের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিরল প্রজাতির অজগর সাপটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ইউপিডিএফকে। আজকে ইউপিডিএফের ভূমিকা রাখার কারণেই এই অজগর সাপটি আমরা পেলাম। আমি অবাক হয়েছি সাপটি মেরে না ফেলে জীবিত অবস্থায় নিরাপদে রাখা হয়েছে জেনে। কারণ অন্য জায়গায় হলে এতক্ষণে খেয়ে ফেলতো। কিন্তু ইউপিডিএফের তদারকি থাকার কারণে এখানে কোন বন্য প্রাণীকে মেরে ফেলা হয় না। আমরা এই অজগর সাপটিকে নিরাপদে যথাযথ জায়গায় অবমুক্ত করে দেবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, খিরাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পূর্ণ মাঝি চাকমা, ফটিকছড়ি(কাউখালী) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রনদীপ চাকমা-সহ বড়ইতলী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More