বান্দরবানের রেতলাং এলাকায় অভিযান নিয়ে আইএসপিআরের দাবি মিথ্যা ও বানোয়াট : ইউপিডিএফ

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
গতকাল ২ জুলাই ২০২৬ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে প্রদত্ত বিবৃতিতে ইউপিডিএফকে জড়িয়ে যে দাবি করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে নাকচ করে দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ শুক্রবার (৩ জুলাই ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, আইএসপিআরের বিবৃতিতে “গত ২৮ জুন ২০২৬ নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা” করার যে দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর সাথে ইউপিডিএফের কোন সম্পৃক্ততা নেই। মূলত ইউপিডিএফের ওপর দমন-পীড়ন বৃদ্ধির হীন উদ্দেশ্যে উক্ত ঘটনার সাথে ইউপিডিএফকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গঠনলগ্ন থেকে দলটি মিছিল, সমাবেশসহ গণতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে আসছে। এই গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই ইউপিডিএফকে বিশেষ টার্গেটে পরিণত করা হয়েছে।
ইউপিডিএফ নেতা বলেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন ইউপিডিএফকে তার ন্যায়সঙ্গত আন্দোলন থেকে বিচ্যুত করা যাবে না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইউপিডিএফ জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন চালিয়ে যাবে।
তিনি অবিলম্বে ইউপিডিএফের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি শাসকগোষ্ঠির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
