বিএনপি সরকারের প্রতি এইচডব্লিউএফ : কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজা দাও, নয়ত গণআদালতে সোপর্দ কর

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ জুন ২০২৬
আইনের শাসন নিশ্চিত করতে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেবদৌস গংদের সাজা প্রদান করা নতুবা গণআদালতে সোপর্দ করার জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।
কল্পনা চাকমা অপহরণের ৩০তম বার্ষিকী উপলক্ষে গত ৬ জুন ২০২৬ প্রকাশ করা এক পোস্টারে সংগঠনটি এ আহ্বান জানায়। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে তারা।
পোস্টারে কল্পনা চাকমার ছবি এবং অপহরণকারী লে. ফেরদৌসের গালে ঘুষি মারার একটি প্রতীকী প্রতিবাদী ছবি জুড়ে দেওয়া হয়েছে।
পোস্টারটিতে তারা বিএনপি সরকারের উদ্দেশ্যে লিখেছে-
তারেক-হেলাল তথা বিএনপি সরকারের প্রতি আহ্বান- কুলুপ এঁটে থেকো না, মুখ খোল!
* শুনানীর নামে আর তামাশা বরদাস্ত করব না
* আইনের শাসন নিশ্চিত করতে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজা দাও, নয়ত গণআদালতে সোপর্দ কর!
উল্লেখ্য, আগামী ১২ জুন ২০২৬ পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্ণ হবে। ১৯৯৬ সালের ১২ জুন তৎকালীন কজইছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে বাঘাইছড়ির নিউ লাল্যাঘানা গ্রামের নিজ বাড়ি থেকে তিনি অপহরণ ও গুমের শিকার হয়েছিলেন, যার খোঁজ আজও মিলেনি।
সরকার কল্পনা চাকমার সন্ধান দেয়ার পরিবর্তে মামলার শুনানীর নামে প্রহসন ও কালক্ষেপণ শেষে গত ২০২৪ সালের ২৩ এপ্রিল রাঙামাটি জেলা আদালতের মাধ্যমে কল্পনা চাকমা অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলাটিও খারিজ করে দিয়ে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার সহযোগীদের দায়মুক্তি দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
