‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ মানিকছড়িতে শিক্ষার্থীদের র্যালি

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে প্রকৃতি, পরিবেশ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে র্যালি করেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় মানিকছড়ি সদরের ধর্মঘর এলাকা থেকে র্যালি শুরু করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে আমতল উপজেলা পরিষদ এলাকা ঘুরে এসে আবারও ধর্মঘরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ৪শ’ জন অংশগ্রহণ করেন।
র্যালির সময় সময় শিক্ষার্থীরা মাইকিংয়ের মাধ্যমে প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনমূলক বার্তা দেন।

তারা বলেন, ‘প্রকৃতি সংরক্ষণ ও পাহাড় রক্ষার্থে আপনাদের প্রতি আহ্বান, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে সচেতন হোন। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, প্রকৃতি দেয় সুস্বাস্থ্য ও সতেজ শ্বাস-প্রশ্বাস। আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাড়ায়-এলাকায়, রাস্তাঘাটে বর্জ্য-আবর্জনা ফেলা বন্ধ করুন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রকৃতি ও পরিবেশ রক্ষা করুন। প্রকৃতি রক্ষা হলে পাহাড় রক্ষা হবে, পাহাড় রক্ষা হলে আমরা থাকব নিরাপদ।’
একই সাথে তারা লিফলেটও বিতরণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী অংমাপ্রু মারমা, সুমনা মারমা, প্রিয়সী মারমা।
বক্তরা বলেন, পাহাড়ের প্রতিনিয়ত গাছ নিধন করা হচ্ছে, অবৈধ পাহাড় কাটা ও অবৈধ বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। প্রশাসনকে এসব বন্ধ করতে হবে।
তারা পার্বত্য চট্টগ্রামকে নিরাপদ বাসযোগ্য করতে সকলের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
