মাটিরাঙ্গার তালুকদার পাড়া থেকে ঠ্যাঙাড়ে কর্তৃক ৪ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তালুকদার পাড়া থেকে রাষ্ট্রীয় বাহিনীর পৃষ্ঠপোষিত ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত কর্তৃক ৪ গ্রামবাসীকে অপহরণ বা জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অপহৃত বা জিম্মির শিকার হওয়া চার গ্রামবাসী হলেন- ১. মিলন চাকমা (৩৬),  পিতা: ভালুক্যা মনি চাকমা ২. চিঙ্গিরি চাকমা (৩৭), পিতা: বীরশঙ্খ চাকমা, ৩. অসীম চাকমা (৩২), পিতা: দলচন্দ্র চাকমা ও ৪. টুটুমনি চাকমা (২২)। তারা সবাই তালুকদার পাড়ার বাসিন্দা।

এদের মধ্যে মিলন চাকমা তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়, গত ২১ আগস্ট রাত ১১টার সময় তালুকদার পাড়ায় অবস্থানরত ঠ্যাঙাড়ে দুর্বৃত্তরা সুশীল চাকমার নেতৃত্বে পাড়ার বাসিন্দা লালন চাকমা(৩৫), পিতা: সহদেব চাকমাকে বেদম মারধর করে। এতে তিনি আহত হন।

পরে এ ঘটনা জানাজানি হলে পাড়াবাসীরা ঠ্যাঙাড়েদের প্রতি ক্ষুব্ধ হয় এবং লালন চাকমাকে মারধর করার কারণ জানতে ঠ্যাঙাড়েদের কাছে যায়। এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

উক্ত ঘটনার জের ধরে গতকাল শনিবার (২২ আগস্ট) ঠ্যাঙাড়েরা তালুকদার পাড়ার কার্বারী, মুরুব্বীসহ পাড়ার লোকজনকে খাগড়াছড়ি সদরের তেঁতুলতলায় ডেকে পাঠায়। এরপর তারা সেখানে গেলে কথাবার্তা বলার পর কার্বারীসহ অন্যান্যদের ছেড়ে দিলেও ঠ্যাঙাড়েরা উক্ত ৪ জনকে সেখান থেকে অপহরণ করে অন্যত্র নিয়ে জিম্মি করে ফেলে। মনতোষ চাকমা নামে একজনকে তাদের কাছে হাজির করাতে না পারা পর্যন্ত উক্ত চার জনকে মুক্তি দেওয়া হবে না বলে তারা জানিয়ে দেন।

আজ (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অপহৃতদের মুক্তি দেওয়া হয়নি।

এদিকে, সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ঠ্যাঙাড়েরা আজ আবারও তালুদার পাড়ার কার্বারী ও মুরুব্বীদেরকে তেঁতুলতলায় ডেকে পাঠিয়েছে বলে জানা গেছে। 

উক্ত ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More