লক্ষীছড়ির দুল্যাতলীতে নিখোঁজের তিনদিন পর ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

0


লক্ষীছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের তিনদিন পর খাগড়াছড়ি লক্ষীছড়ি উপজেলার ২নং দুল্যাতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) সাধন রঞ্জন চাকমা(৫২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দুল্যাতলী ইউনিয়নের ত্রিপুরাছড়ি এলাকার পাহাড়ের একটি গাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মেম্বার পাড়া গ্রামের বাসিন্দা ভারত মোহন চাকমার ছেলে এবং তিন ছেলে সন্তানের জনক।

২নং দুল্যাতলী ইউনিয়নের চেয়ারম্যান ত্রিলন চাকমা জানান, তিন দিন আগে নিখোঁজ হন সাধন রঞ্জন চাকমা। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে শুক্রবার লক্ষীছড়ি থানার পুলিশসহ বিভিন্ন জায়গায় খোজা হয়। পরে ত্রিপুরাছড়ি এলাকার লোকজন পুলিশকে খবর দিলে জঙ্গলের একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান লোকটি ভালো, পারিবারিকভাবেও কোন ঝামেলা নেই। প্রতিবেশিদের সাথেও তাঁর খুব ভালো সর্ম্পক ছিল।

এ বিষয়ে লক্ষীছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, লোকটি তিনদিন আগে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর না পেয়ে এলাকার লোকজন শুক্রবার বিকেলে ত্রিপুরাছড়ি এলাকার জঙ্গলে গাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে মৃত ব্যক্তির ছেলে হেমন্ত চাকমা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More