সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ২২ অক্টোবর শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর হামলার প্রেক্ষিতে জনগণের পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো: ১) গত ২২ অক্টোবর ২০২৬ শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর বিনা উস্কানিতে হামলার সাথে জড়িতদের শাস্তি দিতে হবে এবং গোলাগুলির মিথ্যা নাটক সাজিয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০০ জনের নামে দায়ের করা মামলা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

২) উজো বাজারের স্থানীয় দোকান ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। উজোবাজার থেকে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদেরকে সরিয়ে নিতে হবে।

৩) সেনাবাহিনী কর্তৃক যে সকল নারী-পুরুষকে মারধর করে আহত করা হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসা ভার গ্রহণ করতে হবে।

৪) সেনাবাহিনীর সহযোগিতায় জেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে অতি দ্রুত সরিয়ে নিতে হবে। তাদের সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম বন্ধ করতে হবে।

৫) আন্দোলনরত নেতাকর্মীদের কাউকে সন্ত্রাসী তকমা লাগিয়ে গ্রেফতার, হয়রানি ও তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি করা যাবে না।

সাজেকের পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে তারা বলেন, দিন-রাত এখনও উজোবাজার এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। বাজারে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দোকানে ব্যাপক লুটপাট চালানো হয়েছে। লুটের মাল গাড়িতে করে নেওয়া হয়েছে। অত্যাচারের ভয়ে উজোবাজার এলাকা থেকে শতাধিক পরিবার ঘর ও দোকান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

আজ সকালে ডিপু পাড়ায় নিজ বাড়ি থেকে এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। গত ১১ অক্টোবর সড়ক অবরোধের সময় সাংবাদিকদের সামনে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে কল্পনা চাকমার মতো অপহরণ বা গ্রেফতারের চেষ্টা করা হয়েছে।

বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা অবিলম্বে সাজেকবাসীর পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দমনপীড়ন চালিয়ে সাজেকবাসীর ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More