সিন্দুকছড়িতে আটক ইউপিডিএফ সদস্যদের মধ্যে ১ জনকে মুক্তি, ৩ জনকে থানায় হস্তান্তর

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১ জুন ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের অন্তর্গত পক্ষীমুড়ো এলাকার মনো মহাজন পাড়া থেকে আটক চার ইউপিডিএফ সদস্যের মধ্য থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকী ৩ জনকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মুক্তি পাওয়া ব্যক্তির নাম রুহেন্দু চাকমা(৪০)। তিনি সাবেক ইউপিডিএফ সদস্য এবং পক্ষীমুড়ো এলাকার মনো মহাজন পাড়ায় সুমতি রঞ্জন চাকমার ছেলে।
আজ সোমবার (১ জুন ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটের সময় জিজ্ঞাসাবাদ ও হয়রানি শেষে মহালছড়ি সেনাজোন থেকে রুহেন্দু চাকমাকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ভোররাত আড়াইটার সময় ধুমনিঘাট সেনা ক্যাম্পের একদল সেনা সদস্য মনো মহাজন পাড়া থেকে তাদেরকে আটক করে প্রথমে ধুমনিঘাট ক্যাম্পে নিয়ে নিয়ে যায়। পরে তাদেরকে মহালছড়ি সেনা জোনে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
যে তিন ইউপিডিএফ সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে তারা হলেন- চিংখিউ মারমা(৪০), বাবুল চাকমা (২৭) ও চুন্দি লাল চাকমা (৪৭)। তবে তাদের বিরুদ্ধে কী মামলা দেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি।
* আটকের খবরটি পড়ুন:
<< সিন্দুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক চার ইউপিডিএফ সদস্যকে আটক
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
