0

টাঙ্গাইলের মধুপুরে গারো বাসিন্দা দোলন ম্রং-এর ওপর সন্ত্রাসী হামলা

সিএইচটি নিউজ0জুলাই ১১, ২০২৬

মধুপুর (টাঙ্গাইল), সিএইচটি নিউজ
শনিবার, ১১ জুলাই ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জায়নাগাছা গ্রামের বাসিন্দা দোলন ম্রং-এর ওপর সাইফুল, বিল্লাল ,হোসেন, ইনতা গং কর্তৃক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর জখম হয়েছেন।

গতকাল শুক্রবার (১০ জুলাই ২০২৬) ভোরে এ হামলার ঘটনাটি ঘটে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানা যায়, মধুপুর উপজেলাধীন হরিণধরা গ্রামের কতিপয় বনদস্যু প্রতিদিন গভীর রাতে দোখলা বনের গজারী গাছ কেটে জয়নাগাছা গ্রামের দোলন ম্রং-এর বাড়ির উঠানের রাস্তা ব্যবহার করে চোরাই গাছ পাচার করত। কিন্ত উঠানের রাস্তা দিয়ে বার বার চোরাই গাছ নিয়ে যাওয়ার কারণে বাড়িতে যাতায়াতের সমস্যা হত এবং ভবিষ্যতে বন বিভাগের আইনগত সমস্যার আশঙ্কায় তাদের নিষেধ করা হয়েছিল। কিন্ত ক্ষমতার দাপটে তারা তাদের কাজ চালিয়ে যায়।

এমতাবস্থায় গত ৯ জুলাই রাত আনুমানিক ১১:৩০টার সময় উঠানের রাস্তা দিয়ে বনের গাছ নিয়ে যেতে বাধা প্রদানকে কেন্দ্র করে দোলন ম্রং-এর সাথে গাছ পাচারকারীদের কাটাকাটি হয়। যা পরবর্তীতে ১১ নং শোলাকুড়ি ইউপির স্থানীয় দুইজন মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে রাতেই মীমাংসা করা হয়।

কিন্ত এর পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ১০ জুলাই, শুক্রবার ভোর ৬টার সময় সাইফুল, বিল্লাল,গং-এর প্রায় ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে দোলন ম্রং-এর নিজ বাড়িতে এসে হামলা চালায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে।

পরে প্রতিবেশীদের চিল্লাচিল্লির কারণে সন্ত্রাসীরা দোলন ম্রং-কে জখম অবস্থায় ফেলে পালিয়ে যায়।

এরপর দোলন ম্রং-কে মুমূর্ষ অবস্থায় প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More