খাগড়াছড়িতে লংগদু গণহত্যা দিবসে পিসিপি’র আলোচনা ও প্রদীপ প্রজ্বলন

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৪ মে ২০২৬

লংগদু গণহত্যার ৩৭ বছর উপলক্ষে নিহতদের স্মরণে খাগড়াছড়িতে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।

আজ সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি সদর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক স্বপন চাকমা ও দপ্তর সম্পাদক রাজু ত্রিপুরা।


স্বপন চাকমা বলেন, ৪ মে পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে একটি বিভীষিকাময় দিন।  ১৯৮৯ সালের এই দিনে রাঙামাটির লংগদুতে রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় সেটলার বাঙালিরা পাহাড়িদের ওপর বর্বর গণহত্যা সংঘটিত করে।

তিনি আরও বলেন, লংগদুতে সংঘটিত উক্ত গণহত্যার বিরুদ্ধে তৎকালীন পাহাড়ি ছাত্র সমাজ প্রতিবাদে সোচ্চার হয়েছিল। এ ঘটনার প্রতিবাদ জানানোর জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ১৯৮৯ সালের ২০ মে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ গঠন করে এবং পরদিন (২১ মে) ঢাকায় মৌন মিছিলের মাধ্যমে লংগদু গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি হত্যার প্রতিবাদ জানায়।


তিনি বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থী এই ইতিহাস সম্পর্কে অবগত নয়। তিনি পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতন হতে এবং মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে থাকার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

রাজু ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বহু গণহত্যার মধ্যে লংগদু গণহত্যা অন্যতম। কিন্তু ৩৭ বছরেও এ ঘটনার বিচার হয়নি। দেশে বিভিন্ন সরকার পালাবদল হলেও প্রত্যেক সরকার পাহাড়ে সংঘটিত ঘটনাবলী নিয়ে নীরব ভূমিকা পালন করেছে। পাহাড়ে গণহত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারহীনতার কারণে এখনো সাম্প্রদায়িক হামলা, খুন, গুম, ভূমি বেদখল ও নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা ঘটছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে ছাত্রসমাজসহ সকলকে সচেতন হতে হবে।


তিনি আরও বলেন, বর্তমানে কিছু ভ্রান্ত ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ছাত্র সমাজ ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং লংগদু গণহত্যাসহ পাহাড়ে সংঘটিত সকল গণহত্যার বিচারের দাবি জানান।

আলোচনা সভা শেষে লংগদু গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More