গণতান্ত্রিক যুব ফোরামের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল কাল
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আগামীকাল ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে অগ্রগামী যুব সমাজের সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল/সম্মেলন। ইতোমধ্যে কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কাউন্সিলে সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।
কাউন্সিল উপলক্ষ্যে একটি পোস্টার করা হয়েছে। পোস্টারের মূল শ্লোগান হলো, “কাপুরুষতা নয়, জাতীয় অস্তিত্ব রক্ষায় বজ্রকঠিন শপথে জেগে ওঠো যুব শক্তি”। এছাড়া পোস্টারে “বিএনপি সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিনটি কমিটি- ‘জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি’ বাতিলের দাবি উল্লেখ রয়েছে।
কাউন্সিলকে কেন্দ্র সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে পোস্টারিং করেছেন, বিভিন্ন আহ্বান ও শ্লোগান সম্বলিত ফেস্টুন টাঙিয়েছেন এবং রাস্তায়-দেওয়ালে নানা চিকা/শ্লোগান লিখেছেন।
কাউন্সিলে নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্যে দিয়ে সংগঠনটি যুব সমাজকে সুসংগঠিত করা ও আন্দোলন বেগবান করতে কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
এর আগে ২০২৩ সালের ২১ ও ২২ জুলাই দুই দিনব্যাপী ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই কাউন্সিলে জিকো ত্রিপুরা সভাপতি, বরুন চাকমা সাধারণ সম্পাদক ও বিপুল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা সে বছর ১১ ডিসেম্বর রাতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাাড়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন। তার সাথে আরও নিহত হন সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরা।
দীর্ঘ তিন বছর পর সংগঠনটির ৭ম কেন্দ্রীয় কাউন্সিল/সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এ কাউন্সিল সংগঠনটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতা-কর্মীরা। তারা এ কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, সচেতন পাহাড়ি যুবকদের নিয়ে ‘পাহাড়ি যুব ফোরাম’ নামে ২০০২ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। পরে ২০০৫ সালে এক সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘গণতান্ত্রিক যুব ফোরাম’ করা হয়।
গঠনের পরবর্তী সময় থেকে সংগঠনটি ভূমি বেদখলসহ পার্বত্য চট্টগ্রামে অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অন্যান্য সহযোগী সংগঠনগুলোকে সাথে নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। এছাড়াও সামাজিক অবক্ষয় রোধ ও পরিবেশ সুরক্ষায়ও কাজ করে যাচ্ছে সংগঠনটি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
Like1656 136
