গুইমারায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ৫ জন পাহাড়িকে হয়রানির অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে

গুইমারা (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
খাগড়াছড়ির গুইমারায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ৫ জন পাহাড়িকে হয়রানির অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
গতকাল বুধবার (১৩ মে ২০২৬) বিকালে গুইমারা উপজেলার পথাছড়া হতে রিয়ংমরম যাওয়ার রাস্তায় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনা নিয়ে ক্যসাই মারমা নামে একজন গতকাল রাত সাড়ে ৮টার দিকে তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি অভিযোগ করে জানান, বুধবার বিকাল ৩টার সময় কাজ শেষে তারা ৫ জন বাড়ি ফিরছিলেন। তাদের হাতে কাজের সরঞ্জাম ‘দা’ ও ব্যাগে টিফিন বক্স, পানির বোতল ও কাপড় ছিল। পথাছড়া হতে রিয়ংমরম যাওয়ার রাস্তায় সেনাবাহিনীর ১২ জন সদস্যের মুখোমুখি হন তারা।
এ সময় সেনা সদস্যরা তাদেরকে ঘিরে ফেলে এবং তল্লাশি ও ভিডিও ধারণ করে। এতে তিনি নিজের মোবাইল বের করে সেনা সদস্যদের এমন কাণ্ডের ভিডিও ধারণ করলে সেনারা তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় ও ধারণকৃত ভিডিও মুছে দেয়। এ নিয়ে সেনাদের সাথে তাদের বাগবিতণ্ডা হয়।
ক্যসাই মারমা ফেসবুক পোস্টে আরো জানান, ঘটনার সময় স্থানীয় ৬-৭ জন নারী সেখানে উপস্থিত হলে তাদের সাথেও সেনাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরপরও সেনারা তাদেরকে ছেড়ে দিতে চাচ্ছিল না। এ অবস্থায় কিছুক্ষণ রাখার পর সেনারা তাদেরকে ছেড়ে দেয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর হয়রানিমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ জনগণ প্রতিনিয়ত হয়রানি-নিপীড়নের শিকার হচ্ছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
