গুইমারার তিন শহীদের স্মরণে লক্ষীছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
গত বছর ২৮ সেপ্টেম্বর গুইমারা উপজেলার রামেসু বাজারে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়নের মরাচেঙ্গী উচ্চ বিদ্যালয়, গবমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুদুকছড়ি উচ্চবিদ্যালয়,বিনাজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হুদুকছড়ি উচ্চ বিদ্যালয়, বিনাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেলাং বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে কালো ব্যাজ ধারণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।


আগামীকাল (২৮ সেপ্টেম্বর ২০২৬) এ হত্যাকাণ্ডের ঘটনার এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে গতকাল শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর কালো ব্যাজ ধারণ-কালো পতাকা উত্তোলন এবং ২৮ সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলনসহ প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এরই আলোকে আজকে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
