পাহাড়ি নারীকে খুনের প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বক্তারা বলেন, গতকাল গ্রামের পার্শ্ববর্তী জঙ্গল থেকে লাকড়ি আনতে গেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে উলঙ্গ অবস্থায় ঝরণা দেওয়ানের ক্ষতবিক্ষত লাশ জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পার্শ্ববর্তী সেটলার ইদ্রিস আলী ও কাশেমের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা নতুন নয়। বরাবরই প্রশাসন দোষী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে আসছে। ঘটনার পর ইদ্রিস আলী ও কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা হলেও তাদেরকে এখনো আটক করা হয়নি।
বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
