পিসিপি’র ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন : সমর চাকমা সভাপতি ও সোহেল চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন সম্পন্ন হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সমর চাকমাকে সভাপতি, সোহেল চাকমাকে সাধারণ সম্পাদক ও রোনাল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

“জাতীয় অস্তিত্ব বিকিয়ে দেয়ার গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে, এসো পূর্ণস্বায়ত্তশাসনের গৌরবদীপ্ত লড়াইয়ে যুক্ত হই” স্লোগানে পিসিপির দলীয় সঙ্গীত “পাহাড়ি ছাত্র-ছাত্রী দল” গানটি পরিবেশনের মাধ্যমে কাউন্সিল অধিবেশন উদ্ধোধন করা হয়।

এরপর লড়াই সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর যোদ্ধাদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন পিসিপির শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রূপসী চাকমা। এছাড়াও প্রখ্যাত বামপন্থী তাত্ত্বিক, পাহাড়ি জনগণের অকৃত্রিম বন্ধু ও জাতীয় মুক্তি কাউন্সিলের তৎকালীন সভাপতি প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হয়। শোকপ্রস্তাব পাঠ শেষে সকল শহীদদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ২ মিনিট নীরবতা পালন করা হয়।


এরপর কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমা।

পিসিপির বিদায়ী সভাপতি অমল ত্রিপুরা বলেন, ১৯৮৯ সালে লংগদু গণহত্যার প্রতিবাদের মধ্য দিয়ে পিসিপি’র জন্ম। পিসিপি’র আবির্ভাব হওয়ার ফলে সেনাশাসকগোষ্ঠী বুঝে যায় যে তারা আর আগের মতো দুঃশাসন চালাতে পারবে না। তাই তারা ছাত্র সমাজের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করে দিতে শুরু থেকে দমন-পীড়ন চালায় এবং ষড়যন্ত্র ও কূটকৌশলের আশ্রয় নেয়। ছাত্রদের সুবিধাবাদী সুযোগসন্ধানী অংশকে সেনা ব্রিগেড থেকে অর্থ, জেলা পরিষদ ও ডিসি অফিসের চাল-গমের বরাদ্দ দিয়ে আন্দোলনে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টির করার চেষ্টা চালায়। কিন্তু সে সময়কার ছাত্রদের মধ্যেকার প্রকৃত লড়াই-সংগ্রামীরা বিক্রি হয়ে যায়নি, শাসকের কাছে নিজেদের নীতি-আদর্শকে সমর্পণ করেনি। শাসকগোষ্ঠী কর্তৃক পরিচালিত হত্যা,গুম, খুন, মিথ্যা মামলা-হুলিয়া এবং সকল ধরনের অন্যায় নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্র সমাজ প্রতিবাদ ও প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। লড়াকু ছাত্র সমাজের আন্দোলনে সেনা-শাসকগোষ্ঠির ষড়যন্ত্র ভেস্তে যায়। পিসিপির আপোষহীন ধারার নেতৃত্বে উত্তাল ছাত্র আন্দোলনের ফলে খড়কুটোর মতো ভেসে যায় দালাল-আপোষকামী গোষ্ঠী।

ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শাসকগোষ্ঠী অতীতের ন্যায় বর্তমানেও ছাত্র সমাজকে নানা প্রলোভন দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চক্রান্ত করে যাচ্ছে। পাহাড়িদের মধ্যেকার বিভিন্ন জাতিকে নানা উস্কানি দিয়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। পাহাড়ি অধ্যুষিত এলাকায় ছাত্র-যুবকদের মাঝে ব্যাপক মাদক ছড়িয়ে দিয়ে ভবিষ্যত নেতৃত্ব ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কাজেই পাহাড়ে প্রত্যেকটি ছাত্র-যুব সমাজকে এই বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে। কোন অপশক্তি যেন জাতিগত বিভেদ তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে এবং সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে। ছাত্রসমাজকে কারোর প্ররোচনায় অর্থাৎ গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে লড়াই সংগ্রামে এগিয়ে আসতে হবে। যে কোন পরিস্থিতিতে জাতীয় অস্তিত্ব বিকিয়ে দেয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। দালালি-লেজুড়বৃত্তি ও আত্মকেন্দ্রিকতার পথ পরিহার করে জাতির দুর্দিনে আন্দোলনে সামিল হতে হবে

ছাত্রনেতা অমল ত্রিপুরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “বিভেদ নয়, ঐক্যেই জাতীয় মুক্তি। শাসকগোষ্ঠীর ‘ভাগ কর, শাসন কর’ নীতির ফাঁদে পা না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।’

নারী নেত্রী রিতা চাকমা বলেন, পাহাড়-সমতলে নারীদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাসেই সারা দেশে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে প্রাণ হারাতে হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন আরও ৫৭ জন। পাহাড়ের চিত্র আরো ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ি নারী-শিশুরা নিজ বাসগৃহে, রাস্তাঘাটে, ক্ষেতে-খামারে, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ, নির্যাতন, শ্লীলতাহানি, খুন, অপহরণের শিকার হচ্ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয় না।

তিনি অধিকার আদায়ের লক্ষ্যে এবং সম্ভ্রম রক্ষার্থে সোচ্চার হয়ে আন্দোলনে সামিল হওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।

যুবনেতা জিকো ত্রিপুরা বলেন, পাহাড়িদের অস্তিত্ব ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি কেড়ে নেয়া হচ্ছে। পাহাড়িরা নিজেদের জায়াগায় ঘরবাড়ি নির্মাণ করতে পারছে না, প্রশাসন ও সেটলাররা তাতে বাধা দিচ্ছে। এমন জঘন্য অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।

শ্রমিক নেতা প্রমোদ জ্যোতি চাকমা বলেন, শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য-বেতন পায় না। তারা কাজ হারানোর ভয়ে এসবের বিরুদ্ধে কথা বলতে পারেন না। শিল্প কারখানায় শ্রমিকদেরকে অনিরাপদ পরিবেশে কাজ করতে হয়। প্রায় সময় পাহাড়ি শ্রমিকদের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও বৈষম্য করা হয়ে থাকে। এসব ঘটনা বন্ধের জন্য কারখানার মালিক কিংবা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত কোন পদক্ষেপ নেওয়া হয় না।

তিনি বলেন, ঈদ, দূর্গা পূজার সময় শ্রমিকদের জন্য ছুটির ব্যবস্থা থাকলেও পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনের জন্য কোন পাহাড়ি শ্রমিককে ছুটি দেওয়া হয় না। ফলে এই উৎসবের দিনে পাহাড়ি শ্রমিকরা তাদের পরিবাবর পরিজনের সাথে আনন্দ উপভোগ হতে বঞ্চিত হয়।

তিনি শিল্প কারখানায় শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি ও বৈসাবি উপলক্ষে পাহাড়ি শ্রমিকদের জন্য ৫দিনের ছুটি নিশ্চিত করতে কারখানার মালিক ও সরকারের প্রতি দাবি জানান।    

কাউন্সিলের ২য় অধিবেশনে সংগঠনের বার্ষিক রাজনৈতিক, সাংগঠনিক, আর্থিক ও দাপ্তরিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক, সাংগঠনিক, অর্থ ও দপ্তর সম্পাদকগণ। উত্থাপিত প্রতিবেদনের উপর উপস্থিত প্রতিনিধিবৃন্দ আলোচনা-সমালোচনা ও নিজেদের মতামত উপস্থাপন করেন। এছাড়া কাউন্সিলে অংশগ্রহণকারী পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন শাখার প্রতিনিধিরা তাাদের স্ব স্ব শাখার সাংগঠনিক অবস্থা ও আগামী দিনের কর্মসূচি সম্পর্কে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।

কাউন্সিলের ৩য় অধিবেশনে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা নতুন কমিটির নেতৃত্বমন্ডলী ও সদস্যদের নাম প্রস্তাব আকারে তুলে ধরেন। প্রতিনিধিদের পর্যালোচনা ও মতামত প্রদান শেষে সর্বসম্মতিক্রমে সমর চাকমাকে সভাপতি, সোহেল চাকমাকে সাধারণ সম্পাদক ও রোনাল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি অমল ত্রিপুরা। এরপর নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জিকো ত্রিপুরা, পিসিপির সাবেক সভাপতি অঙ্কন চাকমা ও সদ্য বিদায়ী কমিটির সভাপতি অমল ত্রিপুরা। এছাড়াও নতুন কমিটির পক্ষ থেকে সংগঠন থেকে সদ্য বিদায় নেওয়া পিসিপির সভাপতি অমল ত্রিপুরা, সহ-সভাপতি কুনেন্টু চাকমা, সহ-সভাপতি থুইলাপ্রু মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক অর্নব চাকমা, তথ্য প্রচার সম্পাদক তনুময় চাকমা, সাংস্কৃতিক সম্পাদক রূপসী চাকমাকে ফুল দিয়ে বিদায়ী সম্ভাষণ জানানো হয়।

কাউন্সিলের ৪র্থ অধিবেশনে কমিটির নবনির্বাচিত সমর চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চাকমার সঞ্চালনায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবনির্বাচিত কমিটিকে আগামী দিনের সংগ্রামের নানা দিক-নির্দেশনা ও পরামর্শ প্রদান করে শুভেচ্ছা জানান। পরে নব-নির্বাচিত কমিটির সভাপতি সমর চাকমার বক্তব্যের মধ্যে দিয়ে কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।

কাউন্সিল অধিবেশন শেষে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ডাকসু, কলা ভবন, বিশ্ববিদ্যালয় লাইব্রেরী হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের গিয়ে এক ছাত্র সমাবেশে মিলিত হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More