প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় গুইমারা হতে আলুটিলা পর্যটন পর্যন্ত র্যালি করেছে শিক্ষার্থীরা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ প্রকৃতি, পরিবেশ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির গুইমারা হতে আলুটিলা পর্যটন পর্যন্ত এক সচেতনতামূলক র্যালি করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার সময় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন কমিটি’র ব্যানারে আয়োজিত র্যালিতে গুইমারা ও মাটিরাঙ্গা এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গুইমারা থেকে ৫টি জীপ গাড়ি এবং মাটিরাঙ্গার গোমতি থেকে ১টি জীপ গাড়িতে করে ব্যানার সহকারে তারা গুইমারা থেকে আলুটিলা পর্যটনের উদ্দেশ্যে রওনা দেন।


তাদের গাড়ি বহর আলুটিলা পর্যটন এলাকায় পৌঁছার পর প্রথমে আলুটিলা রিছাং ঝর্ণায় প্রবেশ গেইটে তাদেরকে ঢুকতে বাধা প্রদান করে গেইটে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন। ‘ডিসির অনুমোদন লাগবে’ বলে তাদেরকে জানানো হয়। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে পরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়।



এরপর শিক্ষার্থীরা রিছাং ঝর্ণা এলাকায় গিয়ে সেখানে আশেপাশের দোকানগুলোতে থাকা লোকজন ও পর্যটকদের নিকট লিফলেট বিতরণ করেন। একই সাথে তারা প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র সুরক্ষায় সচেতনতামূলক মাইকিং ও রিছাং ঝর্ণার আশেপাশেসহ কয়েকটি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে প্লাস্টিক-পলিথিন বর্জ্য আগুন দিয়ে ধ্বংস করেন। সেখানে তারা মাইকিং করে প্র্রকৃতি-পরিবেশ রক্ষার বিষয়ে নানা শ্লোগান সম্বলিত বার্তা প্রদান করেন। তারা পর্যটন এলাকায় যাতে পরিবেশের ক্ষতিকারক কর্মকাণ্ড চালানো না হয় সে বিষয়ে সতর্ক করে দেন।



এ সময় র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “ঝিরি-ঝর্ণা থেকে পাথর উত্তোলন বন্ধ করুন; বন্যপ্রাণী শিকার বন্ধ করুন; প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে এগিয়ে আসুন; উন্নয়নের নামে পাহাড় ধ্বংস বন্ধ কর”সহ নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
এ কর্মসূচিতে ‘পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম, আলুটিলা, খাগড়াছড়ি’ নামে একটি ব্যানার নিয়েও শিক্ষার্থীরা যোগ দেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
