প্রয়াত আবুল কাসেম ফজলুল হকের প্রতি ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলোর শ্রদ্ধা নিবেদন

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৬ জুলাই ২০২৬
প্রখ্যাত প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ, প্রগতিশীল বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রামের অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।


আজ সোমবার (৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ইউপিডিএফ সদস্য অমল ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সমর চাকমা ও ঢাকা মহানগর শাখা দপ্তর সস্পাদক অংসালা মারমা এবং হিল উইমেন্স ফেডারেশনের সদস্য দয়া চাকমা।
শ্রদ্ধা নিবেদনের পর অমল ত্রিপুরা ইউপিডিএফের হয়ে শোক বইয়ে লেখেন, “প্রয়াত আবুল কাসেম স্যার আমাদের একজন প্রিয় মানুষ। পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত মানুষের লড়াইয়ে আমাদের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে আমাদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছিলেন। তিনি পাহাড়ের মুক্তিকামী জনগণের একজন বন্ধু হিসেবে পরিগণিত হবেন। তাকে আমরা স্মরণ করবো।”

উল্লেখ্য, গতকাল রবিবার (৫ জুলাই) দুপুরে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
