শোক সংবাদ

বর্ষীয়ান বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত সুমনালংকার মহাথের’র প্রয়াণ

0


খাগড়াছড়ি, সিএইচটি নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এবং খাগড়াছড়ির পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম)-এর প্রতিষ্ঠাতা বর্ষীয়ান বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রদ্ধেয় ভদন্ত সুমনালংকার মহাথের (বেরা ভান্তে)-এর জীবনাবসান হয়েছে। আজ (১২ সেপ্টেম্বর) ভোর ৪:০০টায় তাঁর সুদীর্ঘ বছরের সাধনাভূমি পার্বত্য বৌদ্ধ মিশনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং সর্বশেষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলে জানা গেছে।

তাঁর প্রয়াণে ধর্মীয় গুরুসহ বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, ভদন্ত সুমনালংকার মহাথের রাঙামাটি জেলার লংগদু উপজেলাধীন তিনটিলা গ্রামে আনুমানিক ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর গৃহী নাম অশীম কুমার তালুকদার, পিতা: ধীরেন্দ্র লাল তালুকদার ও মাতা শশী প্রভা দেওয়ান।

তিনি ১৯৭৩ সালে তিনটিলা বনবিহারে সাধক প্রবর প্রয়াত শ্রদ্ধেয় ভদন্ত সাধনানন্দ মহাথের (বনভান্তে) নিকট শ্রামন্য ধর্মে দীক্ষিত হন। পরবর্তীতে ১৯৭৫ সালে তিনি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা রাজগুরু শ্রদ্ধেয় ভদন্ত অগ্রবংশ ভান্তের নিকট পুনঃ শ্রামন্য ধর্মে দীক্ষিত হন এবং একই সালে উপসম্পদা গ্রহণ করেন।

উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য তিনি বৌদ্ধ প্রতিরুপ দেশ মিয়ানমারে গমন করেন। সেখানে শিক্ষা গ্রহণের পর দেশে ফিরে এসে ১৯৮৩ সালে খাগড়াছড়ির সদরস্থ কমলছড়ি গ্রামে প্রতিষ্ঠা করেন পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম)। যা এ অঞ্চলের ধর্মীয় চর্চা ও শিক্ষা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভদন্ত সুমনালংকার মহাথের ধর্মীয় ও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময় সংঘটিত সহিংস সাম্প্রদায়িক হামলার ঘটনা, বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় গুরুদের ওপর আক্রমণের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা পালন করেছেন।

তাঁর প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুরু, তাঁর ভক্ত-অনুরাগীসহ অনেকে শোক প্রকাশ করছেন।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ তাঁদের ফেসবুক পেইজে দেওয়া এক শোকবার্তায় বলেছে, তাঁর প্রয়াণে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ একজন নিবেদিতপ্রাণ বর্ষীয়ান সংঘ সদস্যকে হারালো। বার্তায় সংগঠনটির পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান্তের নৈর্বানিক সুখ কামনা করা হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More