মাটিরাঙ্গার তাইন্দংয়ে তিন গ্রামবাসীর বাড়িতে সেনা-বিজিবির তল্লাশি!

0


স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা যৌথভাবে তিন গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাত ৩টার সময় মাটিরাঙ্গা জোন থেকে ৩টি গাড়ি যোগে ৩৫-৪০ জনের সেনা সদস্য তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ায় হানা দেয়। এর কিছুক্ষণ পর পার্শবর্তী জামিনী পাড়া বিজিবি ক্যাম্প থেকে আরো ২০-২৫ জনের বিজিবি সদস্য সেনাদের সাথে যোগ দেয়। পরে সেনা-বিজিবি সদস্যরা যৌথভাবে তিন গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।

ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- ১. রবিশ্বর ত্রিপুরা(২৮), পিতা- কমল জ্যোতি ত্রিপুরা; ২. গোপাল ত্রিপুরা(২৫), পিতা- প্রজেশ ত্রিপুরা ও নিপু ত্রিপুরা (৪০), পিতা- চন্দ্র হরি ত্রিপুরা(৪০)। তারা সবাই হেডম্যান পাড়ার বাসিন্দা।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা সদস্যরা তাইন্দং উচ্চ বিদ্যালয় ও তাইন্দং বাজারে অবস্থান করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত ২ জানুয়ারি থেকে জেএসএস সন্তু গ্রুপের ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল ভগবান টিলা এলাকায় অবস্থান করলেও সেনাবাহিনী ও বিজিবি কোন পদক্ষেপ না নিয়ে উল্টো সাধারণ গ্রামবাসীদের হয়রানি করছে।  

এদিকে, নির্বাচনের প্রাক্কালে রাতের আঁধারে সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়িতে এমন হয়রানিমূলক তল্লাশির ঘটনায় এলাকার জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ঘটনা এলাকার পাহাড়ি ভোটারদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করার ষড়যন্ত্র বলে এলাকার জনগণ মনে করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More