যুবনেতা ধর্মশিং চাকমাকে হত্যার নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) পিসিপি’র সভাপতি সমর চাকমা ও সাধারণ সম্পদাক সোহেল চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আজ সকাল আনুমানিক সোয়া ৬.০০টার দিকে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) জেএসএস (সন্তু)-এর একদল সশস্ত্র সন্ত্রাসী গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে তার দুই বোন কৃপা সোনা চাকমা (৪০) ও ভাগ্য শোভা চাকমা (৩৫) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

তারা বলেন, এ হত্যাকান্ড পাহাড়ের গণতান্ত্রিক শাসনকাঠামোর পরিবর্তে সেনাতন্ত্রের অস্বাভাবিক ক্ষমতায়ন ও সেনাশাসনের স্বেচ্ছাচারী ভয়াল রুপকে উন্মোচিত করে।

নেতৃদ্বয় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রাখার জন্য জেএসএস (সন্তু) কর্তৃক ধর্মশিং চাকমাকে হত্যা ও তার মতো অহরহ নেতাকর্মীকে হত্যার ঘটনা নতুন নয়। বৈ-সা-বি পরবর্তী এমন নৃশংস হত্যাকাণ্ড আদর্শচ্যুত সন্তু গ্রুপের ভ্রাতৃহত্যার পরিকল্পনা হলেও প্রশাসনের নীরবতা বরাবরই প্রমাণ করে এটি আসলে পাহাড়ি জনগোষ্ঠীর অস্তিত্ব বিলীন করে দেয়ার ষড়যন্ত্রের অংশ। যা যুগ যুগ ধরে পার্বত্য জনপদে জিইয়ে রাখা হয়েছে।

অবিলম্বে সন্তু গ্রুপের সশস্ত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামে জনমানুষের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশী সামরিকায়ন ঘটানো হয়েছে। অথচ দিনে-দুপুরে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা নিরস্ত্র মানুষকে হত্যা করে নিরাপদে চলে যায়। যা প্রশাসনের গাফিলতি এবং দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। যুবনেতা ধর্মশিং চাকমার হত্যার দায় প্রশাসন ও রাষ্ট্র কোনভাবেই এড়াতে পারে না।

নেতৃদ্বয়, কাল বিলম্ব না করে প্রশাসনকে ধর্মশিং চাকমা হত্যা ও এযাবৎ সশস্ত্র সন্তু গ্রুপ কর্তৃক সংঘটিত সকল হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More