রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ, খুনীদের গ্রেফতারপূর্বক বিচার দাবি

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
রাঙামাটির কুদুকছড়িতে জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে নৃশংসভাবে হত্যা ও দুই নারীকে জখম করার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা।
মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা ধর্মশিং চাকমাকে হত্যার নির্দেশদাতা ও পার্বত্য চট্টগ্রামে ভ্রাতিঘাতি সংঘাতের মূল হোতা খুনী সন্তু লারমাসহ অবিলম্বে ঘটনায় জড়িতদের জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম নগর চেরাগি পাহাড় মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাক ও বন্দর থানা শাখার সহ-সাধারণ সম্পাদক অনন্ত চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাধারণ সম্পাদক সোহেল চাকমা।

সমাবেশে ঘটনা বিবরণ তুলে ধরে বলেন, আজ ভোর সকালে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) সন্তু লারমার লেলিয়ে দেওয়া একদল সশস্ত্র সন্ত্রাসী যুবনেতা ধর্মশিং চাকমাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এ সময় তার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও গুলি করে গুরুতর জখম করেছে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের ভ্রাতৃহত্যার মূল হোতা খুনী সন্তু লারমা আঞ্চলিক পরিষদের গদি রক্ষার্থে রাষ্ট্রীয় বাহিনীর মদদে পাহাড়ে খুন, গুম, হত্যা, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারই ধারবাহিকতায় যুবনেতা ধর্মশিং চাকমাকে তার সশস্ত্র বাহিনীকে লেলিয়ে দিয়ে হত্যা করেছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, অতীতে ক্ষমতাসীন সরকারে ন্যায় পার্বত্য চট্টগ্রামের রক্তের হোলি খেলা খেলবেন না। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে পাহাড়ে সংঘাত জিইয়ে রাখার চেষ্টা করা হলে এর পরিণাম শুভ হবে না।
বক্তারা জেএসএস সন্তু দলকে মদদ দেয়া বন্ধ ও ফ্যাসিস্ট হাসিনার আমলে রাষ্ট্রীয় বাহিনীর সৃষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙ্গে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা, অবিলম্বে যুবনেতা ধর্মশিং চাকমার হত্যাকারী সন্তু বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান।
এছাড়া বক্তারা পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষে শান্তিপূর্ণ আলোচনার উদ্যোগ গ্রহণ করে পূর্ণস্বায়ত্তশাসন মেনে নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
