লক্ষীছড়ি বাজার থেকে ৩ জনকে ধরে নিয়ে ৩৮ হাজার ছিনিয়ে নিয়েছে ঠ্যাঙাড়ে দুর্বৃত্তরা

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
খাগড়াছড়ির লক্ষীছড়ি বাজারে শুকরের মাংস বিক্রি করতে যাওয়া ৩ জনকে ধরে নিয়ে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (মুখোশ) দুর্বৃত্ত দুর্জয় চাকমা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যক্তিরা হলেন- কালাইয়া চাকমা (৩০), পিতা- আলপেদা চাকমা (নীলকান্তি), তার ছোট ভাই নিথন চাকমা ও আরেকজন বাবু চাকমা। তারা সবাই ১নং লক্ষীছড়ি ইউনিয়নের সীমানা পাড়ার বাসিন্দা। তবে বর্তমানে তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়ায় বসবাস করছেন।
জানা যায়, আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) লক্ষীছড়ি বাজারের সাপ্তাহিক হাটবার। কালাইয়া চাকমাসহ উক্ত তিনজন সকালে মিরসরাইয়ের মিঠাছড়া থেকে শুকরের মাংস বিক্রির জন্য লক্ষীছড়ি বাজারে যান। এ সময় দুর্জয় চাকমার নেতৃত্বে তিনজন ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত তাদেরকে ধরে জুর্গাছড়িতে নিয়ে যায়। সেখানে তেঁতুলগাছ তলা দোকানে তাদেরকে জিম্মি করে রাখা হয়।
এ সময় ঠ্যাঙাড়ে দুর্বৃত্তরা কালাইয়া চাকমার কাছ থেকে ২১ হাজার, নিথন চাকমার কাছ থেকে ২ হাজার ও বাবু চাকমার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
কিছুক্ষণ পর নিথন চাকমা আর বাবু চাকমাকে ছেড়ে দিলেও কালাইয়া চাকমাকে সারাদিন জিম্মি করে রাখে।
এরপর রাত ৯টার সময় লেন্দু মা নামে লক্ষীছড়ির একজনের জিম্মায় দুর্বৃত্তরা কালাইয়া চাকমাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
প্রায় এক বছর আগে মিরসরাই গিয়ে লক্ষীসেন চাকমা নামে দুর্জয় চাকমার ছোট ভাই নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র সে (দুর্জয়) এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
