লক্ষীছড়িতে ঠ্যাঙাড়ে দুর্জয় গং কর্তৃক বাঁশ ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (মুখোশ) দুর্জয় গং কর্তৃক সাধারণ বাঁশ ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

জানা যায়, আজ রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) লক্ষীছড়ি বাজারে দুর্জয়, অভি ও নয়ন নামে তিনজন ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত ব্যবসায়ীদের নিয়োজিত বাঁশ কাটার শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

পরে ব্যবসায়ীরা তাদেরকে জানায় যে, শ্রমিকদের কাছ থেকে চাঁদা নেওয়া যাবে না, যা দিতে হয় আমরা দেবো। তখন ঠ্যাঙাড়েরা ব্যবসায়ীদের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এরপর আলোচনা করে ব্যবসায়ীরা তাদেরকে ২০ হাজার টাকা দিতে রাজি হয়। তবে ঠ্যাঙাড়েরা তা নিতে রাজি হয়নি। ৫০ হাজার টাকার নিচে এক টাকাও কম হবে না বলে পরিষ্কার জানিয়ে দেয়।  

এ নিয়ে সাধারণ বাঁশ ব্যবসায়ী ও শ্রমিকরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় এলাকার লোকজন আশঙ্কা করছেন, এভাবে ব্যবসায়ীদের কাছ থেকে জোরজবরদস্তি করে চাঁদা আদায় করা হলে আগামীতে হয়তো বাঁশ বিক্রিও বন্ধ হতে পারে। যদি তাই হয় তাহলে সাধারণ জনগণকে খুবই আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে।

এলাকাবাসী চিহ্নিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুর্জয় গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি গত ৩০ আগস্ট দুর্জয় চাকমাসহ তার সহযোগীরা লক্ষীছড়ি বাজার থেকে শুকরের মাংস বিক্রি করতে যাওয়া তিন জনকে ধরে নিয়ে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিল। এছাড়া দুর্জয়ের বিরুদ্ধে ২০২২ সালে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণেরও অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা থাকার পরও প্রশাসনের নাকের ডগায় সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। 
 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More