সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা, এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হলো ঢাকায়

0
চেসি ত্রিপুরা। সংগৃহিত ছবি

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তাকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।  

আহত চেসি ত্রিপুরা মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে যান চেসি ও তার আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর মাথার খুলিতে ভাঙন ও রক্তক্ষরণ হয়। এছাড়া মাথার খুলির টেম্পোরাল অংশ, চোখের কোটর, গালের হাড় এবং ওপরের চোয়ালের হাড়ে একাধিক গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

সেখানে অবস্থার উন্নতি না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

​বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, পরিবার, ও স্বজনরা চেসি ত্রিপুরার দ্রুত সুস্থতা কামনা করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More