সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে মানিকছড়িতে পিসিপির বিক্ষোভ

0

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাঙামাটির সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর বর্বর হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণ ও আন্দোলনের নেতাদের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি উপজেলা শাখা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মানিকছড়ি সদরস্থ জামতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পিষ্টতলা গ্যাস পাম্প এলাকা প্রদক্ষিণ করে আবারও জামতলায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পিসিপির মানিকছড়ি উপজেলা সভাপতি আনু মারমার সভাপতিত্বে ও সদস্য সুমনা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক অংহ্লাচিং মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি আথোই মারমা প্রমুখ।

“সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করুন, সাজেক থেকে জেএসএসের সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নিন” এই শ্লোগানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা গতকাল সাজেকে শান্তিপূর্ণ অবরোধ পালনকারী জনতার ওপর সেনাবাহিনীর হামলা, বেপরোয়া লাঠিচার্জ, গুলিবর্ষণ ও আন্দোলনের নেতাদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

বক্তারা বলেন, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন সাজেকের মাচলঙ এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে চাঁদাবাজি, অপহরণ, সাধারণ মানুষকে হুমকি-ধমকি, মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এর বিরুদ্ধে এলাকার জনগণের দফায় দফায় আন্দোনের মুখে প্রশাসন সাজেকবাসীর তিন দফা দাবি মেনে নেওয়ার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো আন্দোলনকারী জনগণের ওপর বর্বর হামলা চালিয়েছে। গতকাল সেনাবাহিনীর বর্বর হামলায় বেশ কয়েকজন গুরুতর আহতসহ অন্তত ৭০ জনের অধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এ হামলার মাধ্যমে সেনাবাহিনী প্রমাণ করেছে তারা প্রকৃত পক্ষে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন।

সমাবেশ থেকে বক্তারা গতকাল সাজেকে অবরোধকারীদের ওপর হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানান। একই সাথে তারা জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিয়ে সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।

বক্তারা আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More