সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে ফুল দিয়ে শেষ বিদায় জানালেন ইউপিডিএফ ও পিসিপির নেতৃবৃন্দ

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী চেসি ত্রিপুরা’র মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ বিদায় জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৭ মিনিটে ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটালের কর্তব্যরত চিকিৎসক চেসি ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালে অবস্থান করা তার সহপাঠী, বন্ধু, আত্মীয়-স্বজনসহ সকলে মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ সময় ইউপিডিএফ সদস্য অমল ত্রিপুরা চেসির বাবাকে সান্ত্বনা দিয়ে বলেন, যেকোন মৃত্যু অত্যন্ত পীড়াদায়ক হলেও তা মেনে নেওয়া ছাড়া অন্য কোন পথ নেই। চেসির অকাল মৃত্যু আমাদের সকলকে শোকাহত ও ব্যথিত করেছে।

হাসপাতালের অফিসিয়াল কাজ শেষ করে দিবাগত রাত ২:৫০টার দিকে চেসির মরদেহ এইচডিইউ থেকে বের করে নিয়ে আসা হলে মরদেহ গাড়ীতে তোলার আগে হাসপাতালের কম্পাউন্ডে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্বজন ও সহপাঠী বন্ধুরা চেসি ত্রিপুরা’র জন্য প্রার্থনা ও ৩০ সেকেন্ড নীরবতা পালন করেন।

এরপর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চেসি’র বিভাগের সহপাঠী বন্ধুরা এবং ইউপিডিএফের সদস্য অমল ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শুভাশিষ চাকমা, সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা এবং ঢাকা শাখার সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরা ও দপ্তর সম্পাদক অংসালা মারমাসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

উল্লেখ্য, চেসি ত্রিপুরা গত ১৯ অক্টোবর রাজশাহী বাঘমারায় দুর্গাপূজা অনুষ্ঠানে অংশ গ্রহণের পর ক্যাম্পোসে ফেরার পথে দুর্গাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার উন্নতি না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার এম্বুলেন্স করে ঢাকায় প্রেরণ করেন এবং তাঁকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্স এন্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More