’৪৭-এ পাকিস্তানের বেলুচ রেজিমেন্টের আগ্রাসনের বিরুদ্ধে সাজেকে শিশু-কিশোরদের ‌‘প্রতীকী প্রতিরোধ’ কর্মসূচি পালন

0
 বেলুচ রেজিমেন্টের কুশপুত্তলিকায় তীর নিক্ষেপ করছেন শিশুরা।

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাঙামাটির সাজেকে ১৯৪৭-এ পাকিস্তানের বেলুচ রেজিমেন্টের আগ্রাসনের বিরুদ্ধে শিশু-কিশোরদের ‘প্রতীকী প্রতিরোধ’ ও ‘ব্রিটিশ আগ্রাসন প্রতিরোধের বীর নায়কদের প্রতি সম্মান প্রদর্শন’ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহষ্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টার সময় ‘পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানি আগ্রাসনের ৭৯ বছর’ উপলক্ষে সাজেকের বাঘাইহাট এলাকায় ‘অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র (এসিসি)’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অগ্রণী শিশু কিশোর কেন্দ্র (এসিসি)-এর সাজেক শাখার জ্যোতি চাকমার সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইউপিডিএফের সংগঠক ইয়ান চাকমা। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে শপথ পাঠ করান সমরিতা চাকমা।

কর্মসূচির শুরুতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর নায়ক সেনাপতি রনু খাঁ স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে এবং অবিসংবাদিত জাতীয় নেতা স্নেহ কুমার চাকমার প্রতিকৃতিতে পুষ্পস্তবক-ফুল অর্পণ ও স্যালুট প্রদর্শন করা হয়।

এরপর জাতীয় বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে উপস্থিত শিশু, কিশোর-কিশোরীরা তিনটি দলে ভাগ হয়ে তীর-ধনুক ও বর্শা দিয়ে ’৪৭-এ অন্যায়ভাবে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আগ্রাসন চালানোর দায়ে বেলুচ রেজিমেন্টের কুশপত্তলিকার ওপর প্রতীকী আক্রমণ করে ঘৃণা প্রকাশ করেন। এতে শিশু-কিশোরা ছাড়াও বয়স্করাও যোগ দেন। 


এরপরে ইউপিডিএফ সংগঠক ইয়ান চাকমা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ১৯৪৭ সালের ২০ আগস্ট পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট কর্তৃক পার্বত্য চট্টগ্রামে আগ্রাসন ও এর পরবর্তী পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতনের বিষয়ে তুলে ধরেন। তিনি অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির অস্তিত্ব রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন প্রজন্মকে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান।

শেষে সমরিতা চাকমা উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

শপথ গ্রহণ করছেন শিশু, কিশোর-কিশোরীসহ উপস্থিত জনতা।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More