খাগড়াছড়িতে বিজ্ঞানী ড. মংসানু মারমার কেনা জমি দখলের পাঁয়তারার অভিযোগ

0


খাগড়াছড়ি, সিএইটি নিউজ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬ 

জমিতে ট্রাক পার্কিং করার সুযোগ নিয়ে খাগড়াছড়ি সদরের মহিলা কলেজ এলাকায় বিজ্ঞানী ড. মংসানু মারমা বাথোয়াই-এর কেনা জমি দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে এক সেটলার বাঙালি ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে। এ বিষয়ে মংসানো মারমা নিজেই পরামর্শ চেয়ে গত ১৭ আগস্ট তাঁর ফেসবুকে (Mong Sano Marma Bathowai) একটি ভিডিও যুক্ত করে পোস্ট দিয়েছেন। তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন।

‌‘পরামর্শ চাই’ শিরোনাম দিয়ে ফেসবুক পোস্টে তিনি জানান, “খাগড়াছড়ি সদরে সরকারি মহিলা কলেজ এবং টেকনিক্যাল কলেজের মাঝখানে আমাদের একখন্ড জমি আছে। ২০০৫/৬ সালে আমি যখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক তখন আমার বউ নিউইয়র্কের ম‍্যানহাটানে একটি গিফ্ট স্টোরে পার্টি টাইম চাকুরির ইনকাম থেকে কেনা।

“এই জায়গায় একটি ট্রাক পার্কিং করে রাখতো। আমরা জানতাম। সাধারণ ট্রাক চালক হয়তো নিজের পার্কিং এর জায়গা নেই তাই পার্কিং করে রাখছে। এমন কিছু ভেবে আমরা কখনো আপত্তি করিনি।

“এখন এই ট্রাকের মালিক কখনো দাবী করেন জায়গাটা তারই কেনা। আবার কখনো দাবী করেন এ জায়গায় মাটি নাকি উনি ভরাট করেছেন। কার সাথে চুক্তি করে মাটি ভরাট করেছেন, আদৌ ভরাট করেছেন কিনা আমরা জানি না। তবে তিনি ট্রাকটা সরিয়ে নিবেন না। মানে টাকা পয়সা ছাড়া ট্রাকটা সরিয়ে নিবেন না।

“এখন চিন্তা করেন পাহাড়ি অধ্যুষিত এমন জায়গাতে সাধারণ এক বাঙালি ট্রাক ড্রাইভার যিনি মাটি ভরাট করে বা কাঠ টেনে জীবিকা নির্বাহ করেন, সে পর্যন্ত আমাদের জায়গা দখলের পাঁয়তারা করতে পারেন, তাহলে সাধারণ পাহাড়িরা কেমন যাচ্ছেন নিজ ভূমিতে।

“আমরা কয়েক সপ্তাহ ধরে তাকে বলেছি ট্রাক্টরটি সরিয়ে নিতে যাতে আমার এক আত্মীয় সেখানে নার্সারি করতে পারে। কিন্তু তিনি সরাবেন না।

আপনারা একটু পরামর্শ দিন এখন কি করা যায়?”

তিনি বলেন, ‘তবে আমেরিকায় হলে ট্রেস্পাসিং (অবৈধ অনুপ্রবেশ) জন‍্য ট্রাক্টরটিকে তুলে নিয়ে নিলামে বিক্রি করা যেতো। আমেরিকার নিয়মে করবো নাকি বাঙলা নিয়মে অন‍্য কিছু করা উচিত?”

এদিকে, জনমনে প্রশ্ন উঠেছে রাষ্ট্র, সরকার ও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার কারণে কী সেটলার বাঙালিরা এভাবে অন্যের জমি দখল বা দখল করার পাঁয়তারা চলানোর সাহস পাচ্ছে?



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More