আলীকদমের “প্লেননই হোস্টেল” এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, এক শিশু শিক্ষার্থীর মৃত্যু

আলীকদম (বান্দরবান), সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ইয়াংরিং পাড়ার “প্লেননই হোস্টেল” এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে।
ইতোমধ্যে প্রায় ৩৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চামমুম ম্রো (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী হাসপাতালে নেয়ার পথে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মারা যাওয়া শিশুটি কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রুইতন পাড়ার বাসিন্দা পাসং ম্রো-এর সন্তান।
আক্রান্তদের মধ্যে আলীকদম সদর হাসপাতালে ৮ জন শিশু শিক্ষার্থীকে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসার ফলে তাদের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নতির দিকে ফিরেছে বলে জানা গেছে।

তবে এখনো অনেক রোগীর মধ্যে কিছু উপসর্গ বিদ্যমান রয়েছে। এর মধ্যে চোখ লাল হওয়া ও ব্যথা, পেট ব্যথা, জ্বর এবং ডায়রিয়ার মতো উগসর্গ উল্লেখযোগ্য।
গতকাল (২২ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য সহকারী দল গিয়ে আক্রান্ত নয় এমন শিশুদের টিকাদান করা হয়েছে। তবে ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি বলে স্থানীয়রা জানিয়েছে।
এলাকাবাসীর দাবি, বর্তমান পরিস্থিতিতে রোগীদের নিয়মিত চিকিৎসা, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে আক্রান্ত শিক্ষার্থীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে তারা আশা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
