আলীকদমে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ম্রো কিশোরীর মৃত্যু

আলীকদম (বান্দরবান), সিএইচটি নিউজ
শনিবার, ২৩ মে ২০২৬
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুমপাও ম্রো (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৩ মে ২০২৬) ভোরের দিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
মারা যাওয়া রুমপাও ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তনরাও পাড়ার রেংক্য ম্রোর মেয়ে।
জানা গেছে, হামে আক্রান্ত হওয়ার পর রুমপাও ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে দীর্ঘ সময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার ভোররাত ৩:০০টা ২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে সম্প্রতি হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এর আগে আলীকদমে ৮ জন শিশু ও ২ জন তরুণীসহ মোট ১০ জন এবং কলেরায় আরও ১ জন পুরুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া লামা উপজেলায় ২ জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত ১২ এপ্রিল থেকে এখন পর্যন্ত আলীকদমে ১২ জন ও লামায় ২ জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে হামে আক্রান্ত হয়ে আরো অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্যসেবা জোরদার করা না গেলে আরো প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে তারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
